আন্তর্জাতিক নারী দিবস আজ নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন সংগঠন নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করবে। দেশে নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় এবার দিবসটির প্রথম প্রহরে মশাল জ্বালিয়ে ‘আঁধার ভাঙার শপথ’ কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া এবারের দিবসে শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চের আন্দোলনকেও সমর্থন জানিয়ে কর্মসূচি নেওয়া হয়েছে।১৯৭৪ সালে জাতিসংঘ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। জাতিসংঘ এবার দিবসটির প্রতিপাদ্য করেছে, ‘নারী নির্যাতন বন্ধ করব আমরাই: এখনই সময় দৃঢ়প্রতিজ্ঞার।’ বাংলাদেশ সরকার প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার’।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, উন্নয়ন ও অগ্রগতির অংশীদার হিসেবে পুরুষের পাশাপাশি নারীরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেছেন, ২০২১ সালের মধ্যে নারী-পুরুষের সমতাভিত্তিক একটি জাতি গঠনে সরকার বদ্ধপরিকর। বিরোধীদলীয় নেত্রী তাঁর বাণীতে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণের বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন।কর্মসূচি: দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করেছে। ‘পারিবারিক নারী নির্যাতনের বিরুদ্ধে আমরাই পারি জোট’ দেশের ৪৮টি জেলায় দিবসের প্রথম প্রহরে ‘আঁধার ভাঙার শপথ’ নেওয়ার কর্মসূচি পালন করছে। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল জ্বালিয়ে আঁধার ভাঙার শপথ নেন বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা।‘উদ্যমে উত্তরণে শতকোটি’ অভিযানের পক্ষ থেকে সন্ধ্যা ছয়টায় মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলের আগে আসাদ গেটের উত্তরের সড়কে বিকেল সাড়ে পাঁচটায় সবাই জমায়েত হবেন।কর্মজীবী নারী ‘নারী নির্যাতন প্রতিরোধে জোট বাঁধো, রুখে দাঁড়াও, অবিলম্বে ’৭১-এর যুদ্ধাপরাধী ও নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি দাও’ প্রতিপাদ্য সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা তিনটায় মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল দিবসটি উপলক্ষে বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারীবিষয়ক উপকমিটি বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনের আয়োজন করেছে।দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।