‘সম-অধিকার সমান সুযোগ সকলের জন্যে অগ্রগতি’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও গতকাল সোমবার পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০১০। দিনটি যথাযথভাবে পালনের জন্য সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। নারী দিবসকে কেন্দ্র করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, সভা-সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ নারী দিবসের শতবর্ষ উদ্যাপনে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি শোভাযাত্রা বের করে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শোভাযাত্রায় সহ-উপাচার্য ড. হারুন-অর-রশীদ, কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ার সোহেলী খাদিজা আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কলাভবন চত্বরে বিভাগীয় শিক্ষার্থীরা পুতুলের সংসার নামে একটি নাটক পরিবেশন করেন।বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) দেশের বিভিন্ন স্থানে সেমিনার, রক্তদান কর্মসূচি ও মানববন্ধনসহ দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। বিলসের চেয়ারম্যান হাবিবুর রহমান এসব অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।৮ মার্চকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে ন্যাশনাল কাউন্সিল (বিএনসি) অব টেক্সটাইল গার্মেন্টস অ্যান্ড লেদার ওয়ার্কার্স। সেগুনবাগিচার ডিআরইউতে আয়োজিত আলোচনা সভায় বিএনসি চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শ্রমিকনেতা রায় রমেশ চন্দ্র, মামুনুর রশিদ চৌধুরী প্রমুখ। নারীশ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়ার দাবিতে শাহবাগের মোড়ে সমাবেশ করেছে সম্মিলিত নারীসমাজ। এতে বক্তব্য দেন সংগঠনের নেতা রওশন আরা, আইনজীবী সুলতানা আকতার, হাজেরা সুলতানা, সীমা দাস প্রমুখ। পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহমিনা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি সেলিনা আহম্মেদ, সহসভাপতি খাদিজা বেগম প্রমুখ। দিনব্যাপী বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।নারী উন্নয়ন শক্তি নারী দিবস উপলক্ষে দেশের ৩০ এলাকায় নারী অধিকারবিষয়ক প্রচারণার কাজ হাতে নিয়েছে। গতকাল আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনের নির্বাহী পরিচালক আফরোজা পারভীন এ তথ্য জানান। এ সময় অ্যাডভোকেট শফিউল হক, মো. খবির উদ্দিন ও মাহমুদুল হক উপস্থিত ছিলেন। সুশাসনের জন্য প্রচারাভিযান—সুপ্র আয়োজন করেছিল মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। পরিচালক উমা চৌধুরী এর নেতৃত্বে মানববন্ধনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ডেইব-এর নির্বাহী পরিচালক উন্নতি রানী। এ ছাড়া কনসার্নড উইমেন ফর ফ্যামেলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি), সামাজিক প্রতিরোধ কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ, কর্মজীবী নারী, অন্বেষণ, বিল্পবী নারী সংহতি, গর্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, গণসংহতি আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, জাগো নারী ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরাম, মুক্ত শিশু ও নারী শ্রমিক ফোরাম, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ নারী মুক্তি সংসদ, নারী মৈত্রীসহ বিভিন্ন সংগঠন দিনটি পালন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে।