আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
আগামী দুই সপ্তাহের মধ্যে দুই হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির।গতকাল বুধবার আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ পেশার প্রতি যথাযথ গুরুত্বারোপ করে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তার মর্যাদা ও বেতনক্রম নির্ধারণ করেছে সরকার। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আকতার মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী, আবু আহাম্মেদ চৌধুরী, সি এইচ কবির, এম এ জামান, আবদুর রউফ সরদার ও আলেয়া বেগম।রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে গতকাল ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। জাতীয় অধ্যাপক এম আর খানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন। অনুষ্ঠানে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের কর্মজীবন ও দিবসটির গুরুত্ব তুলে ধরেন বক্তারা।রোগীদের সেবায় নিজেদের নিবেদিত করার জন্য বারডেমের পাঁচজন নার্সকে দেওয়া হয়েছে মাহবুব-উজ-জামান পুরস্কার। এ বছর থেকে বারডেম এ পুরস্কার প্রবর্তন করেছে। পুরস্কার পাওয়া পাঁচ নার্স হলেন অরুণা কর্মকার, আয়েশা সিদ্দিকা, রাইলা খানম, সুরাইয়া ইয়াসমীন ও মেরিলীন মঞ্জু পান্ডে। বারডেম মিলনায়তনে নার্সদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক। এ সময় বারডেমের মহাপরিচালক মেজর জেনারেল অধ্যাপক জিয়া উদ্দিন আহমেদ, ডায়াবেটিক সমিতির মহাসচিব সাইফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।