কয়েক দিন পরপর রাজধানীতে আয়োজন করা হয় আন্তর্জাতিক শিক্ষামেলা। দেশীয় কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশের অখ্যাত কলেজ-বিশ্ববিদ্যালয় এসব মেলায় অংশ নেয়। এই মেলার মাধ্যমে সাধারণত বিদেশের মানসম্মত কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান না বাংলাদেশের শিক্ষার্থীরা। তবে লেখাপড়ার নামে কাজের সুযোগ পেতে বিদেশে পাড়ি জমান এসব শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী পাঠানোর নেপথ্যে জনশক্তি রপ্তানির এই প্রক্রিয়া নিয়ে সমালোচনা চলে আসছিল। এই প্রক্রিয়ায় যুক্ত হয়ে দেশি ও বিদেশি শিক্ষা ব্যবসায়ীরা জমজমাট ব্যবসা করে আসছেন। অবশেষে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক চিঠিতে বলেছে, বাংলাদেশে ‘আন্তর্জাতিক শিক্ষামেলা’ আয়োজনের কোনো সুযোগ নেই। ওই চিঠিতে আরও বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী অনুমোদনহীন কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শিক্ষার্থী ভর্তি বা শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না। জানা যায়, ঢাকায় আন্তর্জাতিক শিক্ষামেলা আয়োজনের জন্য একটি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এসএসবিসিএল গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান ২৮ থেকে ৩০ নভেম্বর শেরাটন হোটেলে বিদেশি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির প্রচারণা ও সরাসরি ভর্তি কার্যক্রম পরিচালনা করতে আন্তর্জাতিক শিক্ষামেলা আয়োজনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে অনুমতি চেয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। এর জবাবে শিক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার এ কথা জানায়।শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষামেলার মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ে সরাসরি ছাত্র ভর্তির নামে মূলত ইউরোপের দেশগুলোতে জনশক্তি পাঠানো হয়। এসব দেশে সাধারণ উপায়ে জনশক্তি পাঠানো বেশ কঠিন। তাই বেছে নেওয়া হচ্ছে এ অভিনব কৌশল। বিশ্ববিদ্যালয়ে ভর্তির নাম করে জনশক্তি পাঠানো বেশ সহজ। তাই ঘন ঘন আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক শিক্ষামেলা। অনেক অখ্যাত প্রতিষ্ঠানও দেশে এ ধরনের মেলার আয়োজন করে আসছে। আর এতে যোগ দিচ্ছে বিদেশি ভুঁইফোড় কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। ইতিমধ্যে সাইপ্রাসসহ কয়েকটি দেশের ভুয়া শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি ছাত্ররা গিয়ে প্রতারিত হয়েছেন। জানা যায়, শিক্ষামেলায় অনেক প্রতিষ্ঠান শুধু বিদেশে ভর্তি নয়, ভিসা-পাসপোর্টসহ যাবতীয় সহায়তার আশ্বাস দেয়। এমনকি বিদেশে যাওয়ার আগেই সেখানে বৃত্তি ও চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে থাকে। শুধু রাজধানী ঢাকায় নয়, এ ধরনের আন্তর্জাতিক শিক্ষামেলা ছড়িয়ে পড়েছে চট্টগ্রামসহ বিভাগীয় শহরে। এই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৩(৩) ধারায় বলা আছে, এই আইনের অধীনে অনুমোদনপ্রাপ্ত নয় এমন কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশে কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের কোনো শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার বা টিউটোরিয়াল সেন্টারে শিক্ষার্থী ভর্তি বা শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য কোনো রকম ব্রোশিয়ার, প্রসপেক্টাস, প্রচারপত্র প্রকাশ ও প্রচার করা যাবে না। এ ছাড়া সংবাদমাধ্যমে কোনো ধরনের বিজ্ঞাপন প্রকাশ ও প্রচার করা যাবে না। এই পরিপ্রেক্ষিতে দেশে আন্তর্জাতিক শিক্ষামেলা আয়োজনেরও কোনো সুযোগ নেই বলে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।