আন্দোলনের পদচারী-সেতুতে কেউ ওঠে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি তিতুমীর কলেজের সামনের পদচারী–সেতুটি কেউ ব্যবহার করে না। ছাত্রদের আন্দোলনের মুখে সেতুটি নির্মাণ করা হয়েছিল। শিক্ষার্থী ও পথচারীরা সড়ক পার হয় সেতুর নিচ দিয়ে l ছবি: প্রথম আলো
সরকারি তিতুমীর কলেজের সামনের পদচারী–সেতুটি কেউ ব্যবহার করে না। ছাত্রদের আন্দোলনের মুখে সেতুটি নির্মাণ করা হয়েছিল। শিক্ষার্থী ও পথচারীরা সড়ক পার হয় সেতুর নিচ দিয়ে l ছবি: প্রথম আলো

রাজধানীর মিরপুর, মহাখালী ও সোবহানবাগ এলাকায় সড়ক দুর্ঘটনার পর শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্দোলনের মুখে এসব স্থানে নির্মিত হয়েছে পদচারী-সেতু। কিন্তু এসব পদচারী-সেতু তেমন একটা ব্যবহৃত হয় না। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ এখনো নিচ দিয়ে ব্যস্ততম সড়ক পার হচ্ছে।
মিরপুরে সরকারি বাঙলা কলেজের সামনে, মহাখালীতে তিতুমীর কলেজের সামনে, সোবহানবাগে ডেন্টাল কলেজ ছাত্রাবাসের সামনে এবং শুক্রাবাদ বাসস্ট্যান্ডে পদচারী-সেতু নির্মাণ করা হয় শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবির মুখে। কিন্তু এখন শিক্ষার্থী-সাধারণ পথচারীদের কেউ ওই পদচারী-সেতুগুলো তেমন ব্যবহার করে না। সড়ক পার হয় নিচ দিয়ে। সেতুর সিঁড়ির সামনে গড়ে উঠেছে অস্থায়ী চা-পানের দোকান, সিঁড়ির নিচে লোকজন মূত্রত্যাগ করায় ছড়াচ্ছে দুর্গন্ধ।
মিরপুর বাঙলা কলেজের সামনের ব্যস্ত সড়কে একাধিকবার দুর্ঘটনা ঘটে। আন্দোলনের মুখে কলেজের মূল ফটক থেকে কয়েক মিটার দূরে নির্মাণ করা হয় পদচারী-সেতু। গত শনিবার রাতে গিয়ে দেখা যায়, সেতুর সিঁড়ির সামনের অংশ মানুষের মূত্রতে ভেসে আছে। এক পাশের সিঁড়ির মুখে চায়ের দোকানে লোকজন আড্ডা দিচ্ছে। সেতুর আরেক পাশের এলাকা ঘুটঘুটে অন্ধকার।
গতকাল রোববার সকালে গিয়ে দেখা যায়, কলেজের শিক্ষার্থীরাও পদচারী-সেতু ব্যবহার না করে নিচ দিয়ে সড়ক পার হচ্ছে। কিছু শিক্ষার্থী সেতুর ওপরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে।
নিচ দিয়ে সড়ক পার হওয়া ওই কলেজের শিক্ষার্থী মাহবুবা আকতার বলে, ‘প্রস্রাবের দুর্গন্ধে পদচারী-সেতুর কাছেই যাওয়া যায় না, সেতুতে ওঠা তো দূরের কথা। নোংরা মাড়িয়ে চলতে গা ঘিনঘিন করে। তাই কষ্ট হলেও নিচ দিয়ে পার হচ্ছি।’
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় মোট ১০০টির বেশি পদচারী-সেতু রয়েছে। উত্তরের ৫৬টির মধ্যে ১০টি পদচারী-সেতু সড়ক ও জনপথ বিভাগের। সিটি করপোরেশনের সূত্র বলেছে, পথচারীদের নিরাপদ চলাচলের সুবিধার্থে এসব পদচারী-সেতু বানানো হয়। রাস্তা পারাপারে দুর্ঘটনা হ্রাস এবং রাস্তায় চলাফেরা সহজ এবং যানবাহন চলাচলের গতি বাড়াতে এগুলো বানানো হয়।
দেখা যায়, তিতুমীর কলেজের মূল ফটকের পাশেই নির্মিত পদচারী-সেতুটি অপেক্ষাকৃত পরিষ্কার। এতে ওঠার মুখেও কোনো প্রতিবন্ধকতা নেই। তারপরও শিক্ষার্থী ও পথচারীরা হাত উঁচিয়ে যানবাহনের সামনে দিয়ে সড়ক পার হচ্ছে। সেতুতে দিনেও একজন ভবঘুরে শুয়ে আছে।
শুক্রাবাদ বাসস্ট্যান্ডের পদচারী-সেতুতেও লোকজন তেমন ওঠে না। দেখা গেল, সেতুর ওপরে দাঁড়িয়ে কয়েকজন শিক্ষার্থী আড্ডা দিচ্ছে। সোবহানবাগে ডেন্টাল কলেজ ছাত্রাবাস এবং সরকারি অফিসার্স কোয়ার্টারের সামনের পদচারী-সেতুটি অপেক্ষাকৃত নতুন। গতকাল প্রায় ২০ মিনিট সেখানে দাঁড়িয়ে মাত্র দুজনকে সেতুটি ব্যবহার করতে দেখা যায়। অথচ নিচ দিয়ে অনেকে ঝুঁকি নিয়ে দৌড়ে সড়ক পার হলো।
পথচারীদের অনাগ্রহের পাশাপাশি পদচারী-সেতুগুলো কতটা পথচারীবান্ধব এবং চলাচল উপযোগী, তা নিয়েও রয়েছে প্রশ্ন। কয়েকজন বললেন, পদচারী-সেতুর আশপাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকান, সেতুতে ভবঘুরেদের আস্তানা, সেতুতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় পথচারীরা এগুলো ব্যবহারে উৎসাহী হচ্ছে না।
এসব পদচারী-সেতুর দেখভালের দায়িত্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল (টিইসি) বিভাগের। টিইসি বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা তো চাই জনগণ এগুলোতে উঠুক। তারা না উঠলে কী করা যাবে।’ পদচারী-সেতুগুলো পরিষ্কার করার বিষয়ে তিনি বলেন, ‘পরিষ্কার করার জন্য একজন চুক্তিবদ্ধ ঠিকাদার আছে। সেতুগুলো নিয়মিত পরিষ্কার করার কথা। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।’