আন্দোলনকারীদের নাস্তিক আখ্যা দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের তরুণ প্রজন্মের চলমান আন্দোলন ও আন্দোলনকারীদের ঢালাওভাবে মহলবিশেষের নাস্তিক বলে আখ্যা দেওয়াকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মত দিয়েছে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের বাংলাদেশের অন্তর্ভুক্ত বিভিন্ন শ্রমিক সংগঠন। এভাবে দেশের জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেন ফেডারেশনের নেতারা। গতকাল সোমবার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, জাতীয় শ্রমিক জোট, জাতীয় শ্রমিক ফেডারেশন এবং জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ যৌথভাবে এক সংবাদ বিবৃতিতে এ মতামত প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, শাহবাগসহ বিভিন্ন জেলায় গড়ে ওঠা ‘গণজাগরণ মঞ্চ’ ও তরুণ প্রজন্মের পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে গত ৫ ফেব্রুয়ারি থেকে আন্দোলন গড়ে উঠেছে। সর্বস্তরের মানুষ এ আন্দোলনে অংশ নিয়েছেন, তাঁদের সর্বাত্মক সমর্থন দিয়েছেন। তাই এই আন্দোলনকারীদের ‘নাস্তিক’ আখ্যা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।বিবৃতিতে আরও বলা হয়েছে, একাত্তর সালে দেশের শ্রমিকশ্রেণী যখন দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তখন ধর্মের নামে স্বাধীনতাসংগ্রামের বিরুদ্ধে জামায়াত-শিবির বিরোধিতা করেছিল। আজ যখন মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন গড়ে উঠেছে, তখন এই আন্দোলনকে নাস্তিকতা আখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।বিবৃতিতে মহলবিশেষের অপপ্রচারের বিরুদ্ধে সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার এবং এ ধরনের অপপ্রচারে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া দ্রুত মানবতাবিরোধী অপরাধের বিচারকার্য সম্পাদন ও তাঁদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।