কয়েক দফা আন্দোলনের পর ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীদের দাবি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (নার্সিং বিষয়ে দায়িত্বপ্রাপ্ত) কে বি এম ওমর ফারুক ঢাকা মেডিকেল কলেজসংলগ্ন নার্সিং কলেজ পরিদর্শন করে তাঁদের দাবি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।কে বি এম ওমর ফারুক প্রথম আলোকে বলেন, কলেজ কর্তৃপক্ষের কিছু গাফিলতির জন্য ছাত্রছাত্রীরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছিলেন। বর্তমানে ছাত্রছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করেছেন।এর আগে বিক্ষুব্ধ ছাত্রীরা স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সঙ্গে গতকাল দেখা করেন। এ সময় মন্ত্রী জানান, তিনি এসব সমস্যার কথা জানতেন না। মন্ত্রী দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যুগ্ম সচিবকে ওই কলেজে পাঠান। ভুক্তভোগী ছাত্রীরা জানান, ৫ জানুয়ারি ক্লাস শেষ করে দুপুরে ডাইনিংয়ে খেতে গেলে নিম্নমানের খাবার দেখে আন্দোলনের সূত্রপাত ঘটে। তাঁদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষকে বারবার লিখিতভাবে সমস্যার কথা জানালেও তাতে কাজ হয়নি। প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশ, পরীক্ষার ফি কমানো, ছাত্রীনিবাসের মান উন্নয়ন, ছাত্রদের জন্য হোস্টেল স্থাপন, আগামী এক মাসের মধ্যে ক্যান্টিন স্থাপন করার দাবিতে শেষ পর্যন্ত তাঁরা আন্দোলনে নামেন।গত মঙ্গলবার অধ্যক্ষসহ অন্যদের ঘেরাও করার পর স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ১ ফেব্রুয়ারি ক্যান্টিন চালু এবং আগামী এক সপ্তাহের মধ্যে ছেলেদের হোস্টেলে তোলার সিদ্ধান্ত হয়েছে। অন্য দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।ছাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে কলেজে মেস পদ্ধতি বাতিল করে ক্যান্টিন স্থাপনের দাবি জানানো হচ্ছিল। কলেজ কর্তৃপক্ষ বলেছে, ‘তোমরা সরকারের টাকায় পড়াশোনা করছ। ক্যান্টিনে খাওয়ার টাকা কোথায় পাবা?’ আবার সেই কলেজ কর্তৃপক্ষই পরীক্ষার ফি নিচ্ছে আট হাজার ৪৫৫ টাকা, যা বেসরকারি কলেজকেও ছাড়িয়ে যাবে। অন্যদিকে এ টাকা নেওয়ার রসিদ দেওয়া হয় না। ছাত্রীরা জানান, পরীক্ষার ফির পরিমাণ দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানতে চেয়েছেন ঢাকা নার্সিং কলেজ সরকারি না বেসরকারি।সরেজমিন দেখা যায়, হোস্টেলের চারতলা ভবনের প্রায় প্রতিটি রুমের ছাদ থেকে পানি পড়ে, বেশির ভাগ জানালায় কাচ নেই। ছাত্রীরা পর্দা ও কাপড় দিয়ে শীতের হাত থেকে বাঁচার চেষ্টা করছেন। প্রায় প্রতিটি টয়লেট ও বাথরুমের দরজা ভাঙা। ৮০ জন মেয়ের জন্য একটি টয়লেট ও একটি বাথরুম থাকায় ছাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। চারপাশের ড্রেন উপচে পচা পানি ঢোকে হোস্টেলের নিচতলায়। পানি ফোটানোর জন্য আছে মাত্র তিনটি গ্যাসের চুলা। ফলে সেখানেও লাইন লেগে থাকে। কলেজের মেয়েদের হোস্টেলটিতে বর্তমানে পুরোনো ডিপ্লোমা কোর্সসহ বিএসসি কোর্সের প্রায় ২০০ ছাত্রী অবস্থান করছেন।ছাত্রীরা জানান, তাঁরা মাসে বৃত্তি পান ৮৫০ টাকা। খাওয়ার জন্য মেসে দিতে হয় ৭০০ টাকা। কিন্তু ডাইনিংয়ে খাওয়ার পরিবেশ খুবই নোংরা। বিড়ালের কামড় খেয়ে ছাত্রীদের দামি ভ্যাকসিন নিতে হলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।প্রতিবছর শতকরা ১০ ভাগ ছাত্র ভর্তি করা হচ্ছে নার্সিং কলেজে। কিন্তু তাঁদের আবাসনের ব্যবস্থা করা হয়নি। ছাত্রদের জন্য হোস্টেল বরাদ্দ থাকলেও তা শিক্ষক-কর্মচারীরা দখল করে আছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া কলেজের ক্যাম্পাসে প্রায় ছয় বছর আগে মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষের পদ থেকে অবসর নেওয়া সামসুন্নাহার এবং তিন বছর আগে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া গীতশ্রী্রঘোষ বেআইনিভাবে কোয়ার্টার দখল করে আছেন বলে অভিযোগ রয়েছে।এ প্রসঙ্গে গীতশ্রী ঘোষ প্রথম আলোকে জানান, এখানে থাকা বাবদ নার্সিং কলেজকে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে।ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ তাহাতুন নাহার বলেন, ‘ছাত্রীদের সমস্যা নিয়ে প্রতিনিয়ত উচ্চপর্যায়ে দেনদরবার করেছি। কখনো ওদের দাবির বিপক্ষে ছিলাম না। ছাত্রদের আবাসিক ব্যবস্থা করা হবে না তা সার্কুলারেই উল্লেখ ছিল। তারপরও তাদের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিলাম।’ অবৈধভাবে রুম দখল প্রসঙ্গে অধ্যক্ষ জানান, কলেজ প্রতিষ্ঠার আগে থেকেই এ জায়গা দখল করে আছেন দখলকারীরা।