আপন জুয়েলার্সের মালিক ৩ ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈধ কাগজ দেখাতে না পারায় ৪ জুন আপন জুয়েলার্সের সাড়ে ১৩ মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা আনুষ্ঠানিকভাবে জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ছবিটি গুলশান শোরুমের
প্রথম আলো ফাইল ছবি

অর্থ পাচারের অভিযোগে পৃথক দুটি মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম এবং তাঁর দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে মামলা দুটির অভিযোগ গঠনের শুনানির জন্য ২৮ অক্টোবর তারিখ ঠিক করেছেন আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আজ রোববার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল।

পিপি তাপস কুমার জানান, গুলশান ও ধানমন্ডি থানায় করা অর্থ পাচার মামলায় দিলদার, গুলজার ও আজাদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। শুনানির সময় আদালতে হাজির ছিলেন আসামি দিলদারসহ তিনজন।

মামলা দুটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত–৭ ও ঢাকার বিশেষ জজ আদালত–৮–এ পাঠানোর আদেশ দেন মহানগর দায়রা জজ আদালত।

২০১৭ সালের ৪ জুন শুল্ক বিভাগ আপন জুয়েলার্সের ডিএনসিসি মার্কেট, উত্তরা, মৌচাক, সীমান্ত স্কয়ার ও সুবাস্তু ইনম শাখা থেকে প্রায় ১৫ মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা জব্দ করার পর তা রাষ্ট্রীয় অনুকূলে বাংলাদেশ ব্যাংকে জমা রাখা হয়।

পরে দিলদার আহমেদ সেলিম এবং তাঁর দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে পৃথক পাঁচটি মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পরে ধানমন্ডি ও গুলশান থানার মামলায় তাঁদের বিরুদ্ধে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।