আপনমনে খেলছে শিশু সাকিরা
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে মা-বাবা ও নানাকে হারানো সাকিরা আক্তার (৬) হাসপাতালে আপনমনে খেলে সময় কাটাচ্ছে। আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও শিশুটিকে আরও দু-এক দিন পর্যবেক্ষণে রাখার কথা জানান চিকিৎসকেরা।
সাকিরাকে এখনো মা-বাবা ও নানার মৃত্যুর খবর জানানো হয়নি। তাকে স্বজনেরা এই বলে প্রবোধ দিচ্ছেন যে তার অসুস্থ নানিকে দেখভাল করছেন মা। এ কারণে মা তার কাছে আসতে পারছেন না।
গত শুক্রবার সকাল সাতটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে প্রাণ হারিয়েছেন সাকিরার বাবা রিয়াজ খান (৪০), মা শারমিন আক্তার (৩২) ও নানা আবদুর রহমান ব্যাপারী (৬০)। সাকিরাও তাঁদের সঙ্গে ছিল। আহত অবস্থায় ভাগ্যক্রমে বেঁচে গেছে সে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ শিশির কুমার ঘোষ গতকাল প্রথম আলোকে বলেন, ‘সাকিরা সুস্থ আছে। এরপরও বুকে আঘাত থাকায় তাকে আরও দু-এক দিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ২০৩ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সাকিরা তার বড় মামি সোনিয়া পারভীনের কোলে থাকা শিশুপুত্রের সঙ্গে খেলছে। দুই হাত দিয়ে মুখ ঢাকছে, আবার ‘টুকি’ বলে শব্দ করে হাত সরিয়ে নিচ্ছে। যতবার এমন করছে, ততবার শিশু মামাতো ভাইটি হাসছে। সঙ্গে সাকিরাও হাসছে। চিপসের প্যাকেটের সঙ্গে থাকা ছোট খেলনা দিয়েও কখনো কখনো আপনমনে খেলছে সে। তার সামনে প্লেটে ফল কেটে রাখা আছে। রাখা আছে বিস্কুট, চকলেটও।
সাকিরার বড় মামির বোন শিরীন সুলতানা প্রথম আলোকে বলেন, আজ (সোমবার) বাড়ি ফেরার কথা থাকলেও চিকিৎসকেরা বলছেন মাথায় আঘাতের স্থানে থাকা সেলাই কেটে একবারে বাড়ি যেতে।