আপনিও হতে পারেন চলচ্চিত্র নির্মাতা
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তরুণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের জন্য আবারও সুযোগ এসেছে নিজের যোগ্যতা প্রমাণের। তাঁদের জন্য সপ্তমবারের মতো আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে কেউ এতে অংশ নিতে পারবেন।
সাত বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এই আয়োজন করছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মুনীর চৌধুরী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০১৪ সালের উৎসবের নানা দিক তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইয়াসিন শাফি।
সংবাদ সম্মেলনে চলচ্চিত্র সংসদের সভাপতি সিফাত-ই-রাব্বী, সাধারণ সম্পাদক সৈকত রায়হান ও সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলী হায়দার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আসরে প্রতিযোগীরা দুটি বিভাগে নিজেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দিতে পারবেন। প্রথমটি হলো প্রতিযোগিতার জন্য নির্দিষ্ট বিভাগ, যেখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৈর্ঘ্যসীমা ১৫ মিনিট। দ্বিতীয়টি হলো প্যানোরোমা বিভাগ যেখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৈর্ঘ্যসীমা ৩০ মিনিট। উভয় বিভাগে অংশগ্রহণকারীরা ফিকশন এবং নন-ফিকশন এই দুটি বিভাগে অংশ নিতে পারবেন। উৎসবে একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দিতে পারবেন। এই দুটি বিভাগের পাশাপাশি উৎসবের এবারের আসরে ‘বিষয়ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’ নামে একটি নতুন বিভাগ থাকবে। এবারের বিষয় উপকূলীয় প্রকৃতি ও জীবনধারা। উৎসবের এই অংশে সহযোগী হিসেবে থাকছে জাতিসংঘের স্বীকৃত আন্তর্জাতিক ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন)।
প্রতিযোগীদের ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ওয়েবসাইটে (www.dufs.org) গিয়ে নিজেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দিতে হবে। এবারই প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমার যাবতীয় কার্যক্রম হবে অনলাইনে। তবে কেউ চাইলে সরাসরি জমা দেওয়ার সুযোগও থাকছে। এবার চলচ্চিত্র জমা দেওয়ার শেষ সময় এ বছরের ৫ ডিসেম্বর। প্রাথমিক পর্বে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দেওয়ার জন্য কোনো নিবন্ধন ফি নেই। বিচারকদের বাছাইয়ের পর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নিয়ে জানুয়ারিতে মূল উৎসব হবে। উৎসব শেষে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জহির রায়হান বেস্ট শর্ট ২০১৫’ পুরস্কার এবং আরও কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্মানসূচক স্বীকৃতি পাবে। সেরা পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের অর্থমূল্য যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা।
গতবারের উৎসবে ২৫টি বিশ্ববিদ্যালয়ের শতাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেয়।