জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রেষণে থাকা শিক্ষকদের দায়ের করা পৃথক লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এ রায়ের ফলে প্রেষণে (শিক্ষা ক্যাডারের) থাকা ১৬৮ জন শিক্ষকের বিশ্ববিদ্যালয়ে থাকার সুযোগ রইল না।গতকাল লিভ টু আপিলের ওপর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও তানজিব-উল আলম। প্রেষণে থাকা শিক্ষকদের পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক ও আবদুল মতিন। তানজিব-উল আলম প্রথম আলোকে জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শিক্ষকেরা লিভ টু আপিল করেছিলেন। আদালত তা খারিজ করেছেন।জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, ২০১০ সালের ১৯ অক্টোবরের পর শিক্ষা ক্যাডার থেকে প্রেষণে থাকা শিক্ষকদের অন্যত্র বদলি হয়ে যাওয়ার কথা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আত্তীকৃত হতে দুই বছর আগে বর্তমানে প্রেষণে থাকা ১৪৭ জনসহ মোট ১৯১ জন শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন চ্যালেঞ্জ করে আদালতে পৃথক পাঁচটি রিট আবেদন করেন। এর মধ্যে গত বছর ১১ আগস্ট হাইকোর্ট চারটি রিট আবেদন খারিজ করেন। পরে এর বিরুদ্ধে লিভ টু আপিল করেন শিক্ষকেরা।জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, প্রেষণে থাকা শিক্ষকেরা চলে গেলেও কোনো ধরনের সংকট হবে না। শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত শিক্ষক আছেন। প্রায় ১০০ জন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।