আপিলের ওপর যুক্তিতর্ক উপস্থাপন করলেন অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের সঙ্গে কতিপয় সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদ জড়িত। অথচ বিচারিক আদালত ও হাইকোর্টের রায়ে ষড়যন্ত্রের বিষয়টি উঠে আসেনি। সাক্ষীদের দেওয়া সাক্ষ্য পর্যালোচনা করে জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানিতে তিনি এসব কথা বলেন।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয়জন বিচারপতির বেঞ্চ গতকাল বুধবার আপিলের ওপর সপ্তম দিনের মতো শুনানি গ্রহণ করেন। আগামী মঙ্গলবার আসামিপক্ষে নিযুক্ত কৌঁসুলি আব্দুল্ল্লাহ আল মামুন শুনানি করবেন। শুনানিকালে এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘হত্যাকাণ্ডের রাতে বঙ্গভবনে সাড়ে ১২টার বৈঠকের পর দুটি দল বঙ্গভবন থেকে কেন্দ্রীয় কারাগারে যায়। মোসলেহ উদ্দিনের নেতৃত্বে সেনাসদস্যের দলটি করাগারে বন্দী অবস্থায় জাতীয় চার নেতাকে গুলি করে হত্যা করে। অপর দলটি গিয়ে পরে বেয়নেট চার্জ করে তাঁদের মৃত্যুদণ্ড নিশ্চিত করে। এর চেয়ে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা আর কী হতে পারে? এটা ছিল সুপরিকল্পিত একটি ষড়যন্ত্রের অংশ।’পরে শুনানির বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই ষড়যন্ত্রের ঘটনায় রাজনীতিবিদদের মধ্যে শাহ মোয়াজ্জেম, তাহের উদ্দিন ঠাকুর, কে এম ওবায়দুর রহমান, নুরুল ইসলাম মঞ্জুরের যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছিল। ওই চারজনকে কাছে ডাকতেন খন্দকার মোশতাক। এ জন্য এই রাজনীতিবিদসহ ষড়যন্ত্রকারী সেনা কর্মকর্তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়া উচিত। প্রয়োজনে কেন তাঁদের শাস্তি দেওয়া হবে না—এই মর্মে প্রথমে নোটিশ দেওয়া যেতে পারে বলে আরজি জানানো হয়েছে। আপিলের অনুমতি পাওয়ার প্রায় দুই বছরের মাথায় গত ১৫ জানুয়ারি আপিলের ওপর প্রথম শুনানি শুরু হয়। পরে আদালত ২২, ২৩, ২৯, ৩০ জানুয়ারি ও ১২ ফেব্রুয়ারি আপিলের ওপর শুনানি গ্রহণ করেন।১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে।পরদিন তৎকালীন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। ওই রায়ে পলাতক আসামি রিসালদার (ক্যাপ্টেন) মোসলেহ উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ডাদেশ এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।এরপর ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্ট রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ড বহাল রাখা হয় রিসালদার মোসলেহ উদ্দিনের।