আবদুল্লাহপুরে সেতুর কাজ পিছিয়ে যাচ্ছে

উত্তরায় আবদুল্লাহপুর খালের তিন জায়গায় নির্মাণাধীন তিনটি সংযোগ সেতুর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে না। কবে সেতুগুলো সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে, তা-ও কেউ বলতে পারছেন না।
গত রোববার খালপাড়ে গিয়ে চোখে পড়ে, খালের টেকপাড়া সেতুর কাজ এখনো বাকি। তারপরও অনেকে অসমাপ্ত সেতুর ওপর দিয়ে যাতায়াত করছে। স্থানীয় লোকজন মূল কাঠামের দুপাশে মাটি ফেলে সেতুটি মোটামুটি চলাচলের উপযোগী করে নিয়েছে। সেতুর দুই ধারেই চলছে কংক্রিটের নির্মাণকাজ। খালপাড় ধরে আরও কিছু দূর গেলে দেখা যায়, রূপায়ণ সিটি গেটের পেছনের অংশের সেতুটিরও কাঠামো নির্মাণ শেষ হয়েছে। তবে সেতুর দুপাশে সংযোগ সড়কের বাকি আছে। অন্য সেতুটি আছে খালের ১২ নম্বর সেক্টর অংশে। এটির দুই-তৃতীয়াংশ নির্মাণকাজই বাকি। মূল কাঠামো নির্মাণের কাজটাও শেষ হয়নি।
নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে তিন সেতুর নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিন সেতুর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। স্থানীয় ব্যক্তিরা বলছেন, সঠিক পরিকল্পনা ও নির্দেশনার অভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হচ্ছে না।
তিন সেতুর কাজ করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কর্মচারী রিপন মিয়া প্রথম আলোকে বলেন, ‘কাজ শুরু করেছি মাস ছয়েক। খালে পানি ছিল, ঠিকমতো কাজ করতে পারিনি। তারপরও ডিসেম্বরের মধ্যেই কাঠামো নির্মাণ শেষ করব।’
সেতু চালু হলে যোগাযোগের বিড়ম্বনা কমবে, এমনই প্রত্যাশা স্থানীয় লোকদের। সেতুগুলো হলে হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ও উত্তরা মডেল টাউনের বিভিন্ন সেক্টরের মধ্যে সরাসরি যাতায়াতের সুযোগ বাড়বে।
স্থানীয় ব্যবসায়ী আবদুল মজিদ বলেন, ‘ব্রিজ হলে লোকজন উত্তরার বাণিজ্যিক অঞ্চলসহ সব জায়গায় দ্রুত যেতে পারবে। চলাফেরায় সুবিধা হবে। ব্যবসা-বাণিজ্য ভালো হবে। হঠাৎ কেউ অসুস্থ হলে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া যাবে।
তিন সেতুর দক্ষিণে আছে ১০ নম্বর সেক্টর, হরিরামপুর ইউনিয়নের ফুলবাড়িয়া, টেকপাড়া, নলভোগ, রানাভোলা, নয়ানগর, ধরঙ্গারটেক, চণ্ডালভোগ, রাধারামপুরসহ বেশ কিছু এলাকা। উত্তর পাশে পড়েছে ১১ ও ১৩ নম্বরসহ আরও কয়েকটি সেক্টর। দক্ষিণ-পশ্চিমে আছে ১২ নম্বর সেক্টর।
সেতু নির্মাণকাজে অর্থ-সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। ঢাকা ওয়াসা সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্পের আওতায় চলছে এই নির্মাণকাজ।
নির্মাণকাজে দেরি হওয়া প্রসঙ্গে জানতে চাইলে প্রকল্প পরিচালক আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, কাজটি শেষ করতে বিশ্বব্যাংক আরও কিছুদিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি জানুয়ারির মধ্যেই সব কাজ শেষ হবে।