আবদুশ শহীদের নামে সড়কের নামকরণ দাবি
কমরেড আবদুশ শহীদের নামে সড়কের নামকরণের দাবি জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে তাঁর লেখা নিয়ে রচনাসমগ্র, স্মারকগ্রন্থ প্রকাশকেরও প্রস্তাব দিয়েছেন তাঁরা। গতকাল শনিবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে কমরেড আবদুশ শহীদের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব দাবি জানান।আবদুশ শহীদ সংসদ এই আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, আবদুশ শহীদ ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনে বিপ্লবী বীর। ১৯৪৩ সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। সে সময় চাইলে বড় চাকরি নিতে পারতেন। কিন্তু আবদুশ শহীদ দারিদ্র্যের সঙ্গে সখ্য করেছিলেন। তিনি চেয়েছিলেন বৈষম্য, শোষণ এবং সাম্প্রদায়িকতা দূরীকরণ। বক্তারা অভিযোগ করে বলেন, সরকার হাতিরঝিল প্রকল্পে তাঁর চার কাঠা জায়গা নিয়ে নিয়েছে। তবে এ বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। আবদুশ শহীদের বাড়ি সরিয়ে যে রাস্তা হয়েছে, তা তাঁর নামে নামকরণের দাবি জানান বক্তারা। সাংবাদিক কামাল লোহানীর সভাপতিত্বে সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নারীনেত্রী মালেকা বেগম, এম এম আকাশ, ডালেম চন্দ্র বর্মণ, সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স, আবদুশ শহীদ সংসদের সাধারণ সম্পাদক সামিম আরা তানিয়া প্রমুখ বক্তব্য দেন। প্রসঙ্গত, ১৯৩০-এর দশক থেকে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আবদুশ শহীদ। ১৯৪০ সালে ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। এ সময় থেকে শুরু হয় প্রত্যক্ষভাবে তাঁর ব্রিটিশবিরোধিতা। ব্রিটিশ সরকার তাঁকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করে। পরে বন্দী অবস্থায় ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী সেন্ট্রাল জেলে খাপড়া ওয়ার্ডে গুলিবিদ্ধ হন তিনি। ঊনসত্তরের গণ-আন্দোলন ও একাত্তরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে কাজ করেছেন আবদুশ শহীদ। ১৯৯৬ সালের ৮ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।