আবদুশ শহীদের বাড়ি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমরেড আবদুশ শহীদের বসতভিটা রক্ষায় সরকারের দেওয়া আশ্বাস বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি শেষে এ ব্যাপারে প্রতিকার চেয়ে ভাষাসৈনিক বাহাউদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক কবির বিন আনোয়ার।স্মারকলিপিতে বলা হয়, সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আবদুল মান্নান খান সরেজমিনে পরিদর্শন করে আবদুশ শহীদের বাড়িটি রক্ষার আশ্বাস দিয়েছিলেন। সরকারের এই আশ্বাস সত্ত্বেও বর্তমানে বাড়িটি ভাঙার উদ্যোগ চলছে, যা তাঁর পরিবারকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। স্মারকলিপিতে বাড়িটি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।এর আগে মানববন্ধন কর্মূচিতে বাহাউদ্দিন চৌধুরী বলেন, ‘বাড়িটি রক্ষায় পদক্ষেপ না নিলে আমরা বড় ধরনের অনশন কর্মসূচিতে যাব।’ গণতন্ত্রী পার্টির নেতা পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘আমাদের ডেকে নিয়ে বাড়ি রক্ষার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী প্রহসন করতে পারেন না।’ কর্মসূচিতে আরও বক্তব্য দেন এম এম আকাশ, মোশরেফা মিশু, রুহিন হোসেন প্রিন্স, চলচ্চিত্র অভিনেতা ফারুক প্রমুখ।