আবরার হত্যা: দ্রুত রায় কার্যকর চান বুয়েটের উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার
ছবি: বুয়েটের ওয়বেসাইট থেকে নেওয়া

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করে বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার বলেছেন, আইনগত প্রক্রিয়া মেনে রায়টি দ্রুত কার্যকর করা হোক।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আজ বুধবার দুপুরে আবরার হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বুয়েটের উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি যে সর্বোচ্চ শাস্তিই হয়েছে।’

বুয়েট উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার বলেন, ‘বিচার বিভাগের ওপর আমাদের আস্থা রাখা উচিত। তাঁরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সঠিক রায়টিই দিয়েছেন বলে আমরা মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অল্প সময়ে বিচারটি সম্পন্ন হয়েছে। আমরা চাই, আইনগত প্রক্রিয়া মেনে রায়টি দ্রুত কার্যকর করা হোক।’

তবে রায়ের বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে কয়েক শিক্ষার্থী রায়ের বিষয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি রায়টি দ্রুত কার্যকর হবে কি না, সে বিষয়ে আশঙ্কার কথা জানিয়েছেন।

আবরার হত্যার পর বুয়েটে শিক্ষার্থীদের যে আন্দোলন হয়, সেখানে শিক্ষার্থীদের অন্যতম মুখপাত্র ছিলেন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ছাত্র মাহমুদুর রহমান। তিনি প্রথম আলোকে জানান, দুপুরে শিক্ষার্থীদের একটি সভা রয়েছে। সেখানে আলোচনার পর তাঁদের পক্ষ থেকে রায়ের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

দুই বছর আগে ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। বুয়েট শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী আবরারকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুন

মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। তা আমলে নিয়ে গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিদের মধ্যে ২২ জনকে পুলিশ গ্রেপ্তার করে, ৩ জন এখনো পলাতক। আজ আবরার হত্যা মামলার রায় ঘোষণা করলেন আদালত।