আবরার হত্যার রায় দ্রুত কার্যকরের দাবি ছাত্র অধিকার পরিষদের

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের রায় দ্রুত কার্যকর করার দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ৮ ডিসেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ‘গেস্টরুম নির্যাতনের’ বিরুদ্ধে আইন প্রণয়নের দাবি জানিয়েছে তারা। সংগঠনটির নেতাদের অভিযোগ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধ করার যে আওয়াজ উঠছে, তা একধরনের ‘চক্রান্তমূলক আওয়াজ’।

আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ছাত্র অধিকার পরিষদের নেতারা এসব কথা বলেন। পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতা-কর্মীরা এই সমাবেশে অংশ নেন।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, আবরার হত্যার রায় নিয়ে যেন আর কালবিলম্ব না করা হয়। সারা দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর হল ও হলের অতিথিকক্ষে শিক্ষার্থীদের নির্যাতনের বিরুদ্ধে আইন প্রণয়ন করতে হবে। ডাকসুসহ সারা দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রতিযোগিতার ছাত্ররাজনীতি চালুর দাবি জানান তিনি।

অভিভাবকদের উদ্দেশে বিন ইয়ামিন বলেন, ‘বুয়েটের শহীদ আবরার ফাহাদ যেমন আমাদের ভাই, একই সঙ্গে যাঁদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের রায় হয়েছে, তাঁরাও আমাদের ভাই। তবে প্রশ্ন জাগে, কীভাবে তাঁরা সন্ত্রাসীতে পরিণত হলেন? একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে কোনো সন্ত্রাসী-খুনি সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছে কি না, অভিভাবকদের সেই খোঁজখবর রাখতে হবে। যে সন্ত্রাসী মেশিন তাদের দৈত্য-দানবে রূপান্তরিত করে, এর বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে।’

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় এই নেতা আরও বলেছেন, বুয়েট ও কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ করার আওয়াজ উঠেছে। ‘আমরা মনে করি, এটি দেশের রাজনীতি ও ভবিষ্যৎ নেতৃত্বের বিরুদ্ধে একধরনের চক্রান্তমূলক আওয়াজ। দেশের ভবিষ্যৎ নেতৃত্বের কথা চিন্তা করে অবশ্যই ছাত্ররাজনীতিকে সুযোগ দিতে হবে।’

এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘আবরার হত্যায় সরাসরি জড়িতদেরই শুধু বিচারের আওতায় আনলে হবে না, একই সঙ্গে বুয়েটের সেই হল প্রশাসনের ব্যক্তিদেরও বিচার করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর হলে হলে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের মহড়া রুখে দিতে প্রশাসন ব্যর্থ হলেই এ ধরনের ঘটনা ঘটে। আবরার হত্যার রায় যেন অতি দ্রুত কার্যকর করা হয়। সেটি না করা হলে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামবে। পাশাপাশি গেস্টরুম-গণরুমবিরোধী আইন প্রণয়ন করতে হবে৷’

আবরার হত্যার রায়ের মধ্য দিয়ে জনগণের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন৷ তিনি আরও বলেছেন, প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতনের জন্য প্রশাসনগুলোকেও কাঠগড়ায় দাঁড় করাতে হবে৷ হলে হলে নির্যাতনের সঙ্গে জড়িতদের আবরারের খুনিদের মতো পরিণতি বরণ করতে হবে৷ আবরার হত্যা নিয়ে কোনো নাটক ছাত্রসমাজ সহ্য করবে না৷

ছাত্র অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি তারেকুল ইসলাম সমাবেশ সঞ্চালনা করেন৷

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়৷ বুয়েট শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী আবরারকে পিটিয়ে হত্যা করেন৷ এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করেন৷

মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়৷ তা আমলে নিয়ে গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত৷ আসামিদের মধ্যে ২২ জনকে পুলিশ গ্রেপ্তার করে, তিনজন এখনো পলাতক৷

আজ বুধবার আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।