সপ্তাহ খানেক ধরে প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার ট্রাস্ট (পিডব্লিউসিএসপি) মোহাম্মদপুরের লালমাটিয়া ও নিউ কলোনির বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করছে না। এতে করে ওই এলাকার বেশির ভাগ ময়লা রাস্তায় পড়ে আছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্দেশে দুই এলাকায় ময়লা সংগ্রহের কাজ বন্ধ আছে। তবে ময়লা সংগ্রহ করার বেসরকারি প্রতিষ্ঠান পিডব্লিউসিএসপি আজ শুক্রবার শুধু এক দিনের জন্য ওই দুই এলাকায় ময়লা সংগ্রহ করবে বলে জানা গেছে।
জানতে চাইলে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপক বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন থেকেই ময়লা নিতে নিষেধ করা হয়েছে। কারণ, এসব ময়লা জড়ো করার জায়গা নেই। সিটি করপোরেশন রাস্তার ওপর থেকে ময়লা নেয় না। তবে পিডব্লিউসিএসপি শুধু আজকে (শুক্রবার) ময়লা সংগ্রহ করবে, এরপর বন্ধ রাখবে।’
জানা গেছে, লালমাটিয়ার সাতটি ব্লক ও নিউ কলোনির ৫৯০টি ভবনের প্রায় ৩ হাজার পরিবার গত এক সপ্তাহ ঘরের মধ্যে আবর্জনা নিয়ে বসবাস করছেন। লোকজন রাতের অন্ধকারে ও দিনের বিভিন্ন সময়ে গৃহস্থালির ময়লা-আবর্জনা সড়কসহ আশপাশের বিভিন্ন স্থানে ফেলে রাখছেন। বাসাবাড়িতে অতিরিক্ত সময় ধরে ময়লা জমে থাকায় বসবাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। স্থানীয় লোকজনের অনেকেই অভিযোগ করেন, সাত দিন ধরে পিডব্লিউসিএসপির কর্মীরা ময়লা সংগ্রহ করছেন না। দুর্গন্ধ ও বর্জ্য অব্যবস্থাপনা এলাকার বাসিন্দাদের প্রচণ্ড ভোগাচ্ছে।
৩২ নম্বর ওয়ার্ডের লালমাটিয়া ও নিউ কলোনি এলাকায় পিডব্লিউসিএসপির ময়লা সংগ্রহের ভ্যান ব্যবস্থাপনার দায়িত্বে থাকা গোলাম রহমান বলেন, ‘সিটি করপোরেশনই আমাদের ময়লা সংগ্রহ করতে নিষেধ করেছে। রাখার জায়গা নেই দেখে বাসাবাড়ির ময়লা নিচ্ছি না।’ লালমাটিয়া বি-ব্লক এলাকায় লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের পাশে একটি সেকেন্ডারি ট্রান্সফরমার স্টেশন বা ডাম্পিং স্টেশন নির্মাণাধীন রয়েছে। জানা গেছে, ওই জায়গায় ডাম্পিং স্টেশন নির্মাণ করাকে কেন্দ্র করে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এই অচলাবস্থা। ময়লা সংগ্রহের কাজ বন্ধ। স্টেশন নির্মাণের বিষয়ে স্থায়ী সিদ্ধান্ত এলে নিয়মিত ময়লা সংগ্রহ করা হবে।
গতকাল সেখানে গিয়ে দেখা যায়, লালমাটিয়ার বিভিন্ন সড়কে ময়লার স্তূপ। লোকজন ময়লা ফেলছেন। কাউন্সিলর কার্যালয়ের সামনের সড়কে ময়লা জড়ো করার অস্থায়ী ভাগাড়েও কিছু ময়লা পড়ে আছে। স্থানীয় লোকজন বলেন, অস্থায়ী এ ভাগাড়টি খুব ছোট। এখান থেকে ট্রাকে ময়লা তোলার সময় পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। তখন যানবাহন চলতে পারে না।
জানা গেছে, দুই মাস আগে নির্ধারিত জায়গায় সেকেন্ডারি ট্রান্সফরমার স্টেশন নির্মাণের কাজ শুরু হয়। প্রায় ২০ দিন কাজ চলার পর তা বন্ধ হয়ে যায়। ১৪টা ভ্যান ও ২৮ জন কর্মী দুই এলাকা থেকে ময়লা সংগ্রহ করেন। প্রতিদিন প্রায় ১৪ টন ময়লা সংগ্রহ করা হয়।
ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান বলেন, ‘আমি জনগণের পক্ষে। লোকজন চায় এখানে আধুনিক ডাম্পিং স্টেশন হোক। এলাকাবাসীর ভালোর জন্যই ডাম্পিং স্টেশন নির্মাণ করা জরুরি।’