আবহাওয়ার সংবাদে কারিগরি ভাষায় তথ্যবিভ্রাট হচ্ছে
ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। কিন্তু সংবাদ পরিবেশনের সময় ভালোভাবে জেনেশুনে প্রচার করলে লোকজনের মধ্যে কোনো বিভ্রান্তি থাকে না। গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরে ‘আবহাওয়া তথ্য প্রচারে ও গণসচেতনতায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় বক্তরা এ কথা বলেন।বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় লোকজনের মধ্যে সচেতনতা বাড়িয়ে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সঠিকভাবে পূর্বাভাস দিতে হবে। এই পূর্বাভাস প্রচার করতে গিয়ে অনেক গণমাধ্যমই সঠিক কারিগরি ভাষা না বুঝে সংবাদ প্রচার করে থাকে। এতে তথ্যবিভ্রাট দেখা দেয় এবং মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্নের জন্ম ও বিভ্রান্তির সৃষ্টি হয়। গণমাধ্যমের সঙ্গে আবহাওয়াবিদদের দূরত্ব থাকায় অনেক সময় তথ্যবিভ্রাট হচ্ছে বলে বক্তারা মনে করেন। এই তথ্যবিভ্রাট কমিয়ে আনতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় বেশ কিছু সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে আবহাওয়ার সঠিক তথ্য প্রচারের জন্য একটি তথ্যকেন্দ্র খোলা, ওয়েবসাইটে তথ্য হালনাগাদ রাখা, সহজ ভাষায় আবহাওয়ার সংবাদ প্রচার ও সংবাদকর্মীদের সঙ্গে আবহাওয়াবিদদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।বাংলাদেশ জলবায়ু ফোরাম ও এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ড সেন্টার (এডিপিসি) আয়োজিত এ কর্মশালায় বক্তব্য দেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবিব, এডিপিসির প্রতিনিধি ফখরুদ্দিন আহমেদ, আবহাওয়াবিদ ছাদেকুল আলম, তাসলিমা ইমাম, আয়েশা খাতুন, শামীম হাসান ভূঁইয়া, আবদুল মান্নান প্রমুখ।