আবার অটোরিকশার মালিকদের কাছে নতি স্বীকার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীদের জিম্মি করে সরকারের কাছ থেকে একের পর এক সুবিধা আদায় করে নিচ্ছেন সিএনজিচালিত অটোরিকশার মালিকেরা। সর্বশেষ ১৫ বছরের পুরোনো অটোরিকশার বয়সসীমা আরও ছয় বছর বাড়ানোর দাবিতে দুই দিনের (আজ ও আগামীকাল) ধর্মঘটের হুমকি দিয়েছিলেন মালিকেরা। গত সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকের পর এই দাবিও মেনে নেওয়ার আশ্বাস পেয়েছে বলে জানিয়েছে মালিক সমিতি। ফলে তারা ধর্মঘট প্রত্যাহার করেছে।

নীতিমালা অনুযায়ী, মালিকেরা অটোরিকশার চালকদের কাছ থেকে সরকার নির্ধারিত হারে প্রতিদিনের টাকা জমা নেবেন। কিন্তু মালিকেরা কখনোই নির্ধারিত হার মানেননি, অতিরিক্ত টাকা নিয়েছেন।

অটোরিকশা চলবে মিটার অনুযায়ী এবং নির্ধারিত ভাড়ায়। চালকেরা শুরুর দিন থেকে তা অগ্রাহ্য করে যাচ্ছেন। স্বল্প দূরত্বসহ মহানগরীর যেকোনো জায়গায় যেতে বাধ্য থাকবেন চালকেরা। যাত্রীদের এই অধিকার প্রতিদিন অবহেলিত হচ্ছে ঢাকার রাস্তায়। চালকের মর্জিতেই চলতে হচ্ছে যাত্রীকে।

নির্ধারিত স্ট্যান্ড ছাড়া অটোরিকশা যেখানে-সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, চলমান থাকতে হবে। কিন্তু নিজের মনমতো চলেন চালকেরা।

যাত্রী হয়রানি আর সরকারি আইনকে বুড়ো আঙুল দেখানোর কোনো প্রতিকার মেলেনি বছরের পর বছর। এসব নিয়ম না মানলে যে শাস্তি হওয়ার কথা, তা পাননি মালিক ও চালক—কেউই। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় এই খাতে নৈরাজ্য চলেছেই।

সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সব উৎসাহ মালিক ও চালকদের পক্ষে। অথচ তাদের দায়িত্ব যাত্রীদের স্বার্থ রক্ষা করা। অটোরিকশার মালিক ও চালকদের দাবির মুখে সরকার পাঁচ দফা ভাড়া এবং চার দফা জমার পরিমাণ বাড়িয়েছে। নয় বছর বয়সসীমার অটোরিকশার মেয়াদ তিন দফা বাড়িয়ে ১৫ বছর করেছে। ফলে সামান্য কিছু টাকা বিনিয়োগ করে মাত্র সাড়ে তিন হাজার মানুষ (মালিক) কোটি মানুষের শহরকে জিম্মি করে রেখেছেন।

ঢাকায় অটোরিকশা চলাচলের শুরুতে সরকার নির্ধারিত জমা ছিল ৩০০ টাকা। ভাড়ার হার ছিল প্রথম দুই কিলোমিটারের জন্য ১৪ টাকা, পরের প্রতি কিলোমিটার ৬ টাকা। বিরতিকাল প্রতি মিনিটের জন্য ১ টাকা।

২০০৭ সালে প্রথম দফায় ভাড়া ও জমা বাড়ানো হয়। জমা বাড়িয়ে করা হয় ৪৫০ টাকা। ভাড়া প্রথম ২ কিলোমিটারের জন্য ২৫ টাকা, পরের প্রতি কিলোমিটারের জন্য ৭ টাকা ও বিরতিকালীন চার্জ মিনিটপ্রতি ১ টাকা ২৫ পয়সা।

২০০৮ সালে আবার জমা বাড়িয়ে ৬০০ টাকা করা হয়। তবে ভাড়া প্রথম ২ কিলোমিটারের জন্য ২৫ টাকাই রাখা হয়। কিন্তু পরের প্রতি কিলোমিটারে ৭ টাকা থেকে বাড়িয়ে ৭ টাকা ৫০ পয়সা ও বিরতিকালীন মিনিটপ্রতি ১ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়।

২০১১ সালে আবার কিলোমিটারপ্রতি ভাড়া বাড়িয়ে ৭ টাকা ৬৪ পয়সা এবং বিরতিকালীন চার্জ ১ টাকা ৪০ পয়সা করা হয়।

সর্বশেষ ২০১৫ সালে ভাড়া ও জমা—সবই বাড়ানো হয়। কিন্তু এই খাতে শৃঙ্খলা ফেরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ২০১৫ সালে জমা ৯০০ টাকা, প্রথম ২ কিলোমিটারের ভাড়া ৪০ টাকা, পরে প্রতি কিলোমিটার ১২ টাকা এবং বিরতিকালীন চার্জ প্রতি মিনিটে ২ টাকা নির্ধারণ করা হয়।

কিন্তু মালিক ও চালক—কোনো পক্ষই এই নির্ধারিত জমা বা ভাড়ার হার অনুসরণ করেননি। মালিকেরা চালকদের কাছ থেকে জমার টাকা নিয়েছেন বেশি। চালকেরা সব নিয়মনীতি ছুড়ে ফেলে এর শোধ তুলেছেন যাত্রীদের ওপর। ফলে মাত্রাতিরিক্ত ভাড়া নিয়েও নানা রকম হয়রানির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে।

অটোরিকশার এই অনাচারের সময় টানা ১৫ বছর পার করছে। বিআরটিএ ও মালিক সমিতির তথ্য অনুযায়ী, রাজধানীতে এখন প্রায় ১৫ হাজার ১৯৮টি সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। নিবন্ধন পাওয়ার সময় এগুলোর বয়সসীমা (ইকোনমিক লাইফ) ছিল ৯ বছর। অর্থাৎ হিসাব অনুযায়ী, এই সময়ের মধ্যে মালিকেরা বিনিয়োগ তুলে পর্যাপ্ত লাভ করবেন। কিন্তু পরে মালিকদের চাপে অটোরিকশাগুলোর বয়সসীমা তিন দফায় ছয় বছর বাড়ানো হয়।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, যাত্রীদের জিম্মি করে এই খাতে নৈরাজ্য চালিয়েছেন মালিক ও চালকেরা। তাঁরা ইচ্ছেমতো জমা ও ভাড়া বাড়িয়ে দিয়েছেন। সরকারের কোনো শর্তই তাঁরা মানেননি। তাঁর মতে, সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন বন্ধ করে দিয়ে এর মালিকানা কতিপয় মানুষের হাতে তুলে দেওয়াই ছিল বড় ভুল। এর মাধ্যমে পুরো খাতটাই এখন জিম্মি। চাহিদার হিসাবে রাজধানীতে অটোরিকশার সংখ্যা অন্তত ২০ হাজার হওয়া উচিত ছিল।

আবদুর রশিদ নামের এক চালক বলেন, যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া অন্যায়। কিন্তু এটি বন্ধ করতে হলে আগে মালিকদের নির্ধারিত হারে জমা নেওয়া নিশ্চিত করতে হবে।

ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ বলেন, ১২ হাজার ৭১৫ অটোরিকশা দেড় থেকে দুই লাখ টাকায় কেনা। বাকি তিন হাজারের মতো অটোরিকশার প্রতিটির দাম পড়েছে চার লাখ টাকা। কিন্তু গত ১৫ বছরে প্রতি অটোরিকশা থেকে মালিক সরকারি হিসাব ধরলেই ২৭ লাখ টাকা আয় করেছেন। বাস্তবে তাঁরা একটি গাড়ি থেকে আয় করেছেন ৫০ লাখ টাকা। এই মালিকদের কারণেই যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

একাধিক চালক জানিয়েছেন, যখন মালিকের সরকারি জমা ছিল ৩০০ টাকা, তখন তাঁরা চালকের কাছ থেকে নিয়েছেন ৫০০ থেকে ৭০০ টাকা। জমার পরিমাণ বাড়িয়ে সরকার যখন ৪৫০ টাকা করেছে, মালিকেরা তখন  নিয়েছেন ৭০০ থেকে ১১০০ টাকা। জমার পরিমাণ ৬০০ টাকা করলে মালিকেরা নিয়েছেন ৮০০ থেকে ১৩০০ টাকা। এখন সরকার নির্ধারিত জমা ৯০০ টাকা। কিন্তু মালিকেরা নিচ্ছেন ১১০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ১৪টি বিষয় আমলে নিয়ে অটোরিকশার ভাড়া নির্ধারণ করা হয়। এর অন্যতম হচ্ছে অটোরিকশার পেছনে বিনিয়োগ ও বিনিয়োগের সুদ। এত দিনে ২০০২-২০০৩ মডেলের অটোরিকশার বিনিয়োগ উঠে এসেছে। বিনিয়োগের কয়েক গুণ মুনাফাও পেয়েছেন মালিকেরা। এখন এসব অটোরিকশার বিনিয়োগমূল্য শূন্য। তাই জমা ও ভাড়া—দুই-ই কমানো উচিত। তিন দফায় অটোরিকশার বয়সসীমা বাড়ানোর আগে যাত্রী ভাড়া কমানোর দাবি জানানো হয়েছিল। কিন্তু সরকার আমলে নেয়নি।

অটোরিকশাগুলোর মধ্যে ৫ হাজার ৫৬১টির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এখন মালিক সমিতি দাবি করছে, ইঞ্জিন ও সিলিন্ডার প্রতিস্থাপন করে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া এসব অটোরিকশাসহ সব অটোরিকশার বয়সসীমা আরও ছয় বছর বাড়াতে হবে। দাবি আদায়ে মালিক সমিতি ধর্মঘটের ডাক দিলে গত সোমবার বিআরটিএর চেয়ারম্যান তাঁদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের সদস্যসচিব এ টি এম নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘সরকার আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। তাই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’

বৈঠকের বিষয়ে জানতে বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে বৈঠকে উপস্থিত বিআরটিএর এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, মালিকদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনায় আছে। বিআরটিএর চেয়ারম্যান মালিকদের জানিয়েছেন, অটোরিকশার মেয়াদ বাড়ানো যায় কি না, তা পরীক্ষার জন্য মন্ত্রণালয় থেকে যাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চিঠি পাঠানো হয় তার জন্য তিনি মন্ত্রণালয়ে সুপারিশপত্র পাঠাবেন।

মালিকদের দাবির বিরোধিতা করে গত বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। তারা বলছে, ১৫ বছর ব্যবহৃত চেসিসে নতুন ইঞ্জিন প্রতিস্থাপন করে চালানো হলে দুর্ঘটনায় যাত্রী ও চালকের প্রাণহানি ঘটতে পারে। এ ছাড়া ইঞ্জিন ও গ্যাস সিলিন্ডার প্রতিস্থাপন করে সিএনজিচালিত অটোরিকশার বয়সসীমা বাড়ানো হলে ভবিষ্যতে একই পদ্ধতিতে মিনিবাস, বাস, ট্রাক, কাভার্ড ভ্যানও বয়সসীমা বাড়ানোর চেষ্টা করবে। এতে পুরো পরিবহন খাতে নৈরাজ্য ছড়িয়ে পড়বে।

জানতে চাইলে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামছুল হক বলেন, উন্নয়নের ক্ষেত্রে প্রথম পর্যায়ে ভুল হতে পারে। কিন্তু এটি দীর্ঘদিন চলতে দেওয়া যায় না। সরকার যদি সত্যিকার অর্থেই মানুষকে সেবা দিতে চায়, অটোরিকশা খাতের অরাজকতা থেকে মুক্তি দিতে চায়, তবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। মালিকদের ফাঁদে পা দিলে সরকারকে আরও ছয় বছর অপেক্ষা করতে হবে। তিনি বলেন, বয়সসীমা শেষ হতে যাওয়া অটোরিকশার মেয়াদ না বাড়িয়ে সরকারকে নতুন অটোরিকশা নামাতে হবে এবং একটি প্রতিষ্ঠানের আওতায় এনে এগুলো পরিচালনা করতে হবে। চালক হতে হবে বেতনভুক্ত। হাজার হাজার মালিকের হাতে থাকলে এই খাত জটিল থেকে জটিলতর হবে।