আবার হামলা হলে দায়ী সংগঠনের খবর প্রচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সংগ্রহ করতে গেলে আর একজন সাংবাদিকের ওপরও যদি হামলা হয়, তাহলে হামলাকারী সংগঠনের খবর প্রচার থেকে বিরত থাকতে সাংবাদিক সমাজ বাধ্য হবে। কোনো সাংবাদিকের ওপর আঘাত এলে দেশব্যাপী গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে সাংবাদিক নেতারা এ কথা বলেন। নারী সাংবাদিকের ওপর হামলা ও গণমাধ্যমের গাড়ি পোড়ানোর প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ এর আয়োজন করে। সমাবেশে সাংবাদিকদের পাশাপাশি সাংসদ, নারীনেত্রী এবং বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশে বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, রাষ্ট্র বিভিন্ন সময় সংঘটিত সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার করেনি। সাংবাদিক নির্যাতন বন্ধ হয়নি। গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করার অপপ্রয়াসও চালানো হচ্ছে। একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিনের ওপর নির্যাতন এ ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।ইকবাল সোবহান চৌধুরী আরও বলেন, গণতান্ত্রিক দেশে যেসব দল ধর্মকে নিয়ে রাজনীতি করে, সেসব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার নেই।সাংবাদিক নেতারা অভিযোগ করেন ‘জামায়াতপন্থীরা’ ১২ জন সাংবাদিককে দেখে নেওয়ার জন্য তালিকা করেছে। তাঁরা বলেন, সাংবাদিকেরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। যত নির্যাতনই করা হোক না কেন, সাংবাদিকদের লেখনী অব্যাহত থাকবে। ধর্মের কোথায় প্রকাশ্যে নারীর গায়ে হাত দিয়ে নির্যাতন করার কথা বলা আছে, সাংবাদিক নেতারা সে প্রশ্নও তোলেন হেফাজতে ইসলামের কাছে।সাংবাদিক নেতা আবদুল জলিল ভূঁইয়া বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা বাস্তবায়িত হলে নারীর অধিকার তো দূরের কথা, পুরুষের অধিকারই রক্ষা করা সম্ভব হবে না।সাংবাদিক নেতা শাহ আলমগীর হেফাজতের ১৩ দফা ইসলামের মূল চেতনার সঙ্গেও সংগতিপূর্ণ কি না তা নিয়ে প্রশ্ন তোলেন। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক নারীসহ সব সাংবাদিকের ওপর নির্যাতনকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।সাংসদ তারানা হালিম বলেন, দেশের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে। কোনো ধর্মেই নারীকে নির্যাতন করার কথা বলা হয়নি। তাই নারী সাংবাদিকের ওপর হামলা সংবিধান ও ধর্মের ওপর আঘাত।সমাবেশে আরও বক্তব্য দেন সাংবাদিক নেতা শাহজাহান মিয়া, আলতাফ মাহমুদ, ওমর ফারুক, ফরিদা ইয়াসমীন, মাহমুদুর রহমান, আতাউর রহমান, রফিক আহমেদ, শাবান মাহমুদ, কাজী রফিক, রফিকুল ইসলাম, শাহনাজ বেগম প্রমুখ।