আবারও আন্দোলনের ইঙ্গিত বুয়েট শিক্ষক সমিতির
আবারও আন্দোলনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতি। ১০ জুন সমিতির সাধারণ সভায় দাবিদাওয়া পর্যালোচনা করে আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।গতকাল শনিবার বুয়েট শিক্ষক সমিতির সভাপতি মো. মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, বুয়েটের বর্তমান উপাচার্য ও সহ-উপাচার্যের অনিয়ম ও স্বেচ্ছাচারমূলক কর্মকাণ্ডে ধ্বংসপ্রায় এ প্রতিষ্ঠানটি রক্ষার স্বার্থে তাঁদের পদত্যাগের দাবিতে সমিতি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। প্রধানমন্ত্রীর আশ্বাসে গত ৫ মে থেকে অবিরাম কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হয়। সমিতি আশা করে, উপাচার্য ও সহ-উপাচার্যের প্রতি বুয়েটের শিক্ষকদের অনাস্থার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী খুব শিগগির কার্যকর ব্যবস্থা নিয়ে বুয়েটকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিষয়ক ও প্রশাসনিক অনিয়ম তদন্তের জন্য সিন্ডিকেট একটি তদন্ত কমিটি গঠন করে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে সমিতি তিনজন ডিন (যাঁরা সিন্ডিকেটের সদস্য নন) এবং রেজিস্ট্রারকে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠনের দাবি জানালেও তা উপেক্ষা করে কমিটি গঠন করা হয়, যা শিক্ষকদের কাছে গ্রহণযোগ্য নয়। তা ছাড়া বর্তমান উপাচার্য শিক্ষকদের পদোন্নতি, চাকরি বর্ধিতকরণ ও নিয়োগসহ বিভিন্ন দাপ্তরিক কাজের ফাইল আটকে রেখে দীর্ঘ কালক্ষেপণের মাধ্যমে শিক্ষকদের সঙ্গে প্রতিহিংসামূলক ও হয়রানিমূলক আচরণ শুরু করেছেন, যা এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকেও ব্যাহত করছে। ১০ জুনের সভায় এসব বিষয় পর্যালোচনা করে আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের মূল দাবি হলো, উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ। এর মূলে আমরা যেসব অনিয়মের কথা বলেছিলাম, তার মধ্যে মাত্র একটির আংশিক পূরণ হয়েছে। বাকি একটিরও কিছু হয়নি। আর অনিয়ম তদন্তে গঠিত কমিটিও কাজ শুরু করতে পারেনি। আমরা আমাদের কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করেছিলাম। তাই পরবর্তী করণীয় নির্ধারণে সমিতির সভা ডাকা হয়েছে।’