আবারও মাথার ওপর তারের গোছা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন রাস্তায় আবারও ঝোলানো হয়েছে ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীদের তারের গোছা। কোনো কোনো ক্ষেত্রে এসব ঝুলন্ত তার ঝুঁকিপূর্ণ পরিস্থিতিরও সৃষ্টি করেছে।প্রায় দুই বছর ধরে রাজধানীর ঝুলন্ত তার মাটিতে নামিয়ে ফেলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীদের চাপের মুখে বিদ্যুৎসচিবের নেতৃত্বে ‘তার কাটা কমিটিও’ গঠন করা হয়। ২০১০ সালে প্রধান কয়েকটি সড়ক থেকে ঝুলন্ত তার নামিয়ে ফেলা হয়েছিল। কিন্তু গতকাল নগর ঘুরে অনেক রাস্তার পাশে নতুন করে ঝুলন্ত তার দেখা গেছে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, ন্যাশনালওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্সপ্রাপ্তদের অসহযোগিতার কারণে ঝুলন্ত তার নামছে না। তাঁরা বলেন, এনটিটিএন ব্যবসায়ীরা এখনো, বিশেষ করে মতিঝিল এলাকায় মাটির নিচে ভূগর্ভস্থ বিতরণ লাইন তৈরি এবং ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীদের উপযুক্ত কারিগরি সমাধান দিতে পারেননি। ফলে এসব ব্যবসায়ী গ্রাহক ধরে রাখতে আবারও রাস্তার পাশের বৈদ্যুতিক ও টেলিফোনের খুঁটির সঙ্গে তার ঝুলিয়েছে। এ ব্যাপারে এনটিটিএন লাইসেন্সপ্রাপ্ত দুই প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম ও সামিট কমিউনিকেশনস লিমিটেডের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।সরেজমিনে দেখা গেছে, মহাখালী থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে শাহবাগ পর্যন্ত, শাহবাগ থেকে মৎস্য অধিদপ্তরের মোড় পর্যন্ত প্রধান সড়কে ঝুলন্ত তার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও কিছুটা তারমুক্ত। তবে কুড়িল বিশ্বরোড থেকে গুলশান হয়ে মহাখালীর জলখাবার পর্যন্ত, কুড়িল বিশ্বরোড হয়ে বাড্ডা-রামপুরা ও মালিবাগ বাজার মোড়, মৌচাক হয়ে কাকরাইলের মোড় ও মগবাজার মোড়, উত্তরা থেকে তেজগাঁও হয়ে মগবাজার রেলক্রসিং, শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড হয়ে সিটি কলেজের মোড়, ঢাকা কলেজের সামনে থেকে নীলক্ষেত হয়ে পলাশীর মোড়, আজিমপুরে ইডেন কলেজ হয়ে পিলখানার পেছন দিকে, ধানমন্ডির ৩ নম্বর থেকে রাপা প্লাজা হয়ে কলেজগেট, শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত রাস্তার পাশে মাথার ওপরে এলোমেলোভাবে তার ঝুলছে।এসব প্রধান সড়কের সঙ্গে আশপাশের ছোট সড়কগুলোর অবস্থা আরও খারাপ। অনেক স্থানে কুণ্ডলী পাকানো ঝুলন্ত তারের গোছা পায়ে হাঁটা মানুষের মাথায় বাড়ি খায়। রিকশার হুডে বা মাইক্রোবাসের ছাদে আটকে রাস্তায় তারের গোছা ছিঁড়ে পড়ে থাকতেও দেখা গেছে।জানতে চাইলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রধান সড়কে যারা তার ঝোলাচ্ছে, তাদের তার কেটে ফেলা হোক। তাদের ব্যাপারে সংগঠন কোনো দায়িত্ব নেবে না।প্রসঙ্গত, রাস্তার পাশে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের ঝুলন্ত তার ভূগর্ভস্থ বিতরণ লাইন ব্যবস্থার আওতায় নেওয়ার ব্যাপারে ২০১০ সালের মার্চে সরকার নীতিগত সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০১০ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে উত্তরা থেকে শাহবাগ পর্যন্ত এবং ৩১ অক্টোবরের মধ্যে উত্তরা-মতিঝিল-গুলশান ও শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত এলাকার ঝুলন্ত তার নামিয়ে আনার কথা ছিল। পরে কয়েক দফায় সময় বাড়িয়ে ওই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল।