আবাসন কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
একটি আবাসন কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন পাঁচজন প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা। তাঁদের মধ্যে তিনজনের অভিযোগ, ওই আবাসন কোম্পানি তাঁদের জমি জালিয়াতির মাধ্যমে বেদখল করে ভবন নির্মাণের কাজ করছে। আর বাকি দুজনের অভিযোগ, প্রতারণার মাধ্যমে ফ্ল্যাট কেনার টাকা নিয়েও ফ্ল্যাট বুঝিয়ে দিচ্ছ না ওই কোম্পানি।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনের পর চেষ্টা করেও ওই কোম্পানির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
অভিযোগকারীদের একজন কানাডাপ্রবাসী শহিদুল হক সংবাদ সম্মেলনে বলেন, নকল কাগজ তৈরি করে মোহাম্মদপুরের উত্তর আদাবরে তাঁর স্ত্রী রোমেনা আক্তারের চার কাঠা জমিতে ওই আবাসন কোম্পানি ভবন নির্মাণের কাজ শুরু করে। ঘটনা জানতে পেরে তাঁরা রাজউকে অভিযোগ করেন। রাজউক নির্মাণকাজের অনুমতি বাতিল করে। কিন্তু পরে আবারও ওই কোম্পানি জালিয়াতির মাধ্যমে কাজ শুরু করে। পরে রাজউকের কাছে অভিযোগ করলে রাজউক সেটির নকশা বাতিল করে, কিন্তু ওই ভবনের কাজ করে যাচ্ছে কোম্পানিটি। আরাফাত রহমান নামের অপর একজন অভিযোগ করেন, তাঁর ভাই সুমন রহমান অস্ট্রেলিয়াপ্রবাসী। রাজধানীর উত্তরায় একই আবাসন কোম্পানির একটি প্রকল্পে একটি ফ্ল্যাট কেনার জন্য ৮০ লাখ টাকা বুকিং দেন। দুই মাসের মধ্যে ওই ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি।