গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান ও অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সঙ্গে সম্প্রতি কয়েকজন আবাসন ব্যবসায়ী যে শিষ্টাচারবহির্ভূত আচরণ করেছেন, বাংলাদেশ এনভারমেন্ট নেটওয়ার্ক (বিইএন) এর তীব্র নিন্দা জানিয়েছে।বিইএন বিশিষ্ট অনাবাসী বাংলাদেশি ও তাঁদের আন্তর্জাতিক শুভাকাঙ্ক্ষীদের এক বৈশ্বিক নেটওয়ার্ক। এর বৈশ্বিক সমন্বয়ক নজরুল ইসলাম সংগঠনের পক্ষে এক বিবৃতিতে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রীর সঙ্গে আবাসন ব্যবসায়ীদের আচরণের নিন্দা করে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।বিবৃতিতে বলা হয়, কিছু বিবেকবর্জিত আবাসন ব্যবসায়ী আবাসন সংকটকে পুঁজি করে ঢাকার ভেতরে ও আশপাশে নির্বিচারে নিচু জায়গা দখল করে ব্যবসা করছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক নজরুল ইসলাম বলেন, আবাসন ব্যবসায়ীরা ড্যাপের বিরোধিতা করবেন—এটা স্বাভাবিক। কিন্তু তাঁরা যেভাবে মন্ত্রীর ওপর আক্রমণ চালিয়েছেন, তা নজিরবিহীন। বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, সরকার আবাসন ব্যবসায়ীদের অদূরদর্শী দাবির বিরুদ্ধে অনড় থাকবে এবং যেসব ব্যবসায়ী বৈঠকে শিষ্টাচার লঙ্ঘন করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।অধ্যাপক নজরুল বিকেন্দ্রীকরণ, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও নদী ব্যবস্থাপনায় বেষ্টনী পদ্ধতির বদলে উন্মুক্ত পদ্ধতি অনুসরণের জন্য সরকারসহ সবার প্রতি আহ্বান জানান।বিবৃতিতে আবাসন ব্যবসায়ীদের একটি দাবির প্রতি একমত পোষণ করে বিইএন বলেছে, রাজউকের আবাসন ব্যবসা থেকে সরে গিয়ে শুধু পরিকল্পনা ও নিয়ন্ত্রণমূলক কর্মকাণ্ডের দিকে দৃষ্টি নিবদ্ধ করা উচিত। রাজউকের আবাসন প্রকল্পগুলোকে প্রধানত সমাজের অভিজাত শ্রেণীর নির্বাচিত সদস্যদের সুবিধা দেওয়ার একটি পন্থা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এসব প্রকল্পের জন্য গরিব মানুষের জমি অধিগ্রহণ করা হয় ও করদাতাদের অর্থ ব্যয় করা হয়।বিইএন আশা প্রকাশ করে, যেসব আবাসন ব্যবসায়ী মন্ত্রীকে হুমকি দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিয়ে সরকার নিজের বিশ্বাসযোগ্যতা ও সম্মান রক্ষা করবে। বিজ্ঞপ্তি।