আবাসন ব্যবসায়ীরা আইন মানেন কি না, দেখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন ব্যবসায়ীরা প্রচলিত আইনগুলো মানছেন কি না, সেদিকে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের সতর্ক দৃষ্টি দিতে হবে বলে মনে করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের পক্ষ থেকে পুলিশকে দুটি গাড়ি উপহার দেওয়া উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে আবাসন ব্যবসায়ীরা তাঁদের গাড়ি রিকুইজিশন না-করাসহ থানায় থানায় তাঁদের জন্য বিশেষ সাহায্য কর্মকর্তা রাখার অনুরোধ জানান। রিহ্যাবের দেওয়া দুটি ডাবল কেবিন নিশান পিকাপ ধানমন্ডি ও গুলশান থানায় ব্যবহার করা হবে।প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন কিছু আবাসন ব্যবসায়ীর সমালোচনা করে বলেন, রিহ্যাবের সদস্য নয়, এমন কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ আসছে। মন্ত্রী নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘কখনো আমি নিজে দুই পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করেছি, কখনো পারিনি। অভিযোগ আসছে, জমির মালিকের সঙ্গে চুক্তি ভঙ্গ করে মালিকের অংশসহ বেচে দিচ্ছেন, ভবনের কাজ অসম্পূর্ণ রেখেই হাওয়া হয়ে যাচ্ছেন কোনো কোনো আবাসন ব্যবসায়ী। আবার কেউ ক্রেতাদের একটি কিস্তি এদিক-ওদিক হলে এর সুযোগ নিয়ে তাঁদের বঞ্চিত করছেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নেই ক্রেতাদের।’ রিহ্যাবের নেতারা তাঁদের সদস্যদের অন্যায় আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু সবার দায় কীভাবে নেওয়া যায়, সে চিন্তা করতে হবে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘আমরা (স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ) আপনাদের নিরাপত্তা দিতে পারি, আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি দেখতে পারি। তবে আপনাদেরও দেখতে হবে, আবাসন ব্যবসায়ীরা গৃহায়ণ মন্ত্রণালয় ও রাজউকের নিয়মগুলো মানছেন কি না। একটি ভালো কাজ করতে গিয়ে যেন কেউ অপরাধে জড়িয়ে না পড়েন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। আর রিহ্যাবে নতুন সদস্যভুক্তির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, তিনি সততা ও নিষ্টার সঙ্গে ব্যবসা করছেন কি না।’‘মাত্র দুটি গাড়ি’ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে তো দেখা যাচ্ছে অন্তত ৪০ জন এসেছেন, আর সবাই মিলে গাড়ি এনেছেন দুটি। সবাই একটা করে চাবি হাতে নিয়ে এলে ভালো হতো। তা-ও ভালো। আস্তে আস্তে অভ্যাস হোক, আমাদের উদ্দেশ্য সফল হোক।’পুলিশের মহাপরিদর্শক হাছান মাহমুদ খন্দকার বলেন, ‘গাড়ি রিকুইজিশন একটা অপ্রিয় বিষয়। তবু প্রয়োজন ও দায়িত্বের কারণে সার্জেন্টদের এ কাজটা করতে হয়। তবে বেসরকারি পর্যায় থেকে স্বতঃস্ফূর্ত সমর্থন পেলে আমাদের এরকম অপ্রিয় কাজ বেশি করতে হবে না।’রিহ্যাবের সভাপতি সাংসদ নসরুল হামিদ বলেন, প্রায়ই আবাসন ব্যবসায়ীরা চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের কর্মকাণ্ডের শিকার হচ্ছেন। তিনি এসব বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহানগরের প্রতিটি থানায় আবাসন ও গৃহায়ণ ব্যবসায়ীদের সমস্যা সমাধানের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া যায়। এ ছাড়া মহানগর ও জাতীয় পর্যায়ে আবাসন ব্যবসায়ীদের সমস্যা সমাধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে জাতীয় সেল গঠন করা যেতে পারে।রিহ্যাবের সভাপতি আবাসন ব্যবসায়ীদের গাড়ি রিকুইজিশন না করার আহ্বান জানিয়ে অচিরেই ঢাকার প্রতিটি থানায় একটি করে গাড়ি দেওয়ার ঘোষণা দেন।ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ রিহ্যাব সভাপতির দাবি অনুযায়ী ঢাকার ৪১টি থানায় রিহ্যাব হেল্পডেস্ক খোলার ঘোষণা দেন। তিনি জানান, ঢাকায় কেন্দ্রীয়ভাবে ডিএমপির যুগ্ম কমিশনার ইব্রাহিম ফাতেমীকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। আবাসন ব্যবসায়ীরা যেকোনো সমস্যায় যুগ্ম কমিশনারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তবে আবাসন ব্যবসার বিরোধ, অসম প্রতিযোগিতা ও নোংরামি শক্ত হাতে দমন করতে হবে। প্রয়োজনে পুলিশ আবাসন ব্যবসায়ীদের সাহায্য করবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরীসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপকমিশনার (সদর দপ্তর) হাবিবুর রহমান।