শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আবাসন-সংকট তীব্র আকার ধারণ করেছে। ৭৬০ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ মাত্র একটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাসে থাকেন ৪২০ জন শিক্ষার্থী। বাকি শিক্ষার্থীরা আবাসিক সুবিধাবঞ্চিত থাকায় তাঁদের পড়াশোনা মারাত্মক বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীরা তাঁদের সংকটের কথা কলেজ কর্তৃপক্ষকে বারবার বলেও কোনো সুফল পাননি বলে অভিযোগ করেছেন। নির্মাণের দুই বছর পরও কলেজের একাডেমিক ভবনটি উদ্বোধন না হওয়ায় আবাসন ও শিক্ষাকার্যক্রম উভয় ক্ষেত্রেই অচলাবস্থা দেখা দিয়েছে। কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এসব কথা জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রী জানান, মেডিকেল কলেজের হোস্টেলে আসন পাওয়া তাঁদের অধিকার। কিন্তু ভর্তির সময়ই তাঁদের একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর দিতে হয়েছে যে তাঁরা কখনো ছাত্রাবাসে আসন চাইতে পারবেন না। তিনি বলেন, তাঁরা বর্তমানে যে ছাদের নিচে থাকেন, একই ছাদের অন্যদিকে নিরাপত্তারক্ষীরা থাকেন। এতে ছাত্রীদের খুবই অসুবিধা হচ্ছে।এই ভবনের নিচতলায় হাসপাতাল, দ্বিতীয় তলায় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ এবং তৃতীয় তলায় নির্মিত পাঁচটি কক্ষে ছাত্রীদের থাকার ব্যবস্থা। একই তলায় ছাত্রীদের কক্ষের পাশেই নিরাপত্তারক্ষীরা থাকেন।এই পাঁচ কক্ষের প্রতিটি আসনে দুজন করে থাকছেন। গতকাল বৃহস্পতিবার এমন একটি কক্ষে ২৫ জনকে থাকতে দেখা যায়। কক্ষটির দরজা পুরোপুরি খোলা যায় না। বিছানা, পড়ার টেবিল ও বইয়ের তাকের ফাঁকে খুব সাবধানে পা ফেলতে হয়। নইলে হোঁচট খাওয়ার আশঙ্কা আছে।ছেলেদের একটি ও মেয়েদের একটি ছাত্রাবাস রয়েছে। কমনরুমে যেখানে আগে ছাত্রদের বিনোদনের জন্য টিভি রাখা ছিল, এখন সেখানে তৃতীয় ব্যাচের ৩৫ জন ছাত্র একসঙ্গে থাকছেন। গ্রন্থাগারে থাকেন ১৪ জন। এমনকি প্রথম ব্যাচ, যে ব্যাচের শিক্ষার্থীরা আর মাস ছয়েক পর চিকিৎসক হয়ে বের হবেন, তাঁরাও গাদাগাদি করে থাকছেন। আটজনের জন্য বরাদ্দ কক্ষে ১৪ জন। ছাত্ররা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে থাকার জন্য ছাত্রদের চর্মরোগ, জন্ডিস ও উদরাময় রোগে প্রায়ই ভুগতে হচ্ছে।শেষ বর্ষের নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র বলেন, ‘ভর্তি হওয়ার পর পরই শুনেছিলাম, লাল ইটের নতুন ভবনে ক্লাস হবে। এখন যেখানে ক্লাস হচ্ছে, সেখানে ছাত্ররা থাকার জায়গা পাবেন। পাঁচ বছর কেটে গেছে। এখনো এক কক্ষে ১৪ জন থাকছি। মাঝেমধ্যে মনে হয়, এই কলেজে শুধু ঢোকা যায়, বেরুনোর পথ বন্ধ।’ছাত্রীদের হোস্টেলেও প্রতি কক্ষের ধারণক্ষমতার দ্বিগুণ ছাত্রী থাকেন। সন্ধ্যার সময় একটি কক্ষে যখন ৩০-৩৫ জন আসেন, তখন পড়ালেখার মারাত্মক ব্যাঘাত ঘটে বলে অভিযোগ করেন একজন। তিনি বলেন, ছাত্রীরা অনেকেই বারান্দায়, সামনের লনে ফাঁকা জায়গায় পড়ার চেষ্টা করেন। ছাত্রছাত্রীদের খাবারঘরে এখন একই সঙ্গে নামাজ ও টিভি দেখার জায়গা করা হয়েছে।ভুক্তভোগীরা জানান, এক অর্থে তাঁরা ভাগ্যবান। কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই তো হয়েছে। সম্প্রতি যে ২৬০ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন, তাঁদের কাউকে আসন বরাদ্দ দেওয়া হয়নি। তাঁরা এখন কলেজের আশপাশে বাড়ি ভাড়া করে থাকছেন। অনেক দরিদ্র, মেধাবী ছাত্রের পড়ালেখা চালানোই দুঃসাধ্য হয়ে উঠেছে।জানা যায়, গত পাঁচ বছরে একই সমস্যা নিয়ে ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছেন, কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন, দফায় দফায় অধ্যক্ষের সঙ্গে দেখা করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি। উল্টো বিভিন্ন সময় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের কারণে কর্তৃপক্ষ তাঁদের শাসিয়েছে।এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ মাকসুদুল আলম বলেন, তাঁরা আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন ভবনে চলে যাবেন বলে আশা করছেন। হুমকিধমকি দেওয়ার অভিযোগ সত্য নয়।অধ্যক্ষ বলেন, তিনি জেনেছেন, গণপূর্ত বিভাগের সঙ্গে ঠিকাদারদের বিরোধের কারণে একটা জটিলতা তৈরি হয়েছে। শিগগিরি এই সমস্যা দূর হবে। অঙ্গীকারনামায় সই নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, সেভাবে কোনো অঙ্গীকারনামা নেওয়া হচ্ছে না। তবে, ছাত্রছাত্রীদের বলা হয় যে আবাসিক হলে আসনসংকট আছে।