জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ ও বেদখল হয়ে যাওয়া হলগুলো উদ্ধার করে আবাসনসংকট নিরসনসহ সাত দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল উদ্ধার ও ছাত্র অধিকার রক্ষা আন্দোলন’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান।বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে বেলা পৌনে ১২টায় এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হল উদ্ধার ও ছাত্র অধিকার রক্ষা আন্দোলনের সমন্বয়ক জাহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায়ের আন্দোলন সফল করতে ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, এক বছর হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বেদখল হল উদ্ধারসহ শিক্ষার্থীদের আবাসনসংকট নিরসনে কিছুই করতে পারেনি। উল্টো সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে নসাত্ করতে মিথ্যা মামলা করা হয়েছে। গত বুধবার হলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি চলাকালে ক্যাম্পাসের বাইরে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাওলাসহ ছাত্রদলের ২০ জন কর্মী ও অজ্ঞাত পরিচয় ১৫০ জনের বিরুদ্ধে মামলা করে কোতোয়ালি থানার পুলিশ। এ বিষয়ে হল উদ্ধার আন্দোলন কমিটির সদস্য দিদারুল আলম বলেন, ‘ওই দিন গাড়ি ভাঙচুরের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে মামলায় আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীকে হয়রানিমূলকভাবে অভিযুক্ত করা হয়েছে।’সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা নতুন হল নির্মাণ ও বেদখল হলগুলো উদ্ধার করে আবাসনসংকট নিরসন, শিক্ষার্থীদের নামে হয়রানিমূলক সব মিথ্যা মামলা প্রত্যাহার, শিক্ষার্থীদের স্বার্থবিরোধী জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ধারাগুলো বাতিলসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে কাল বৃহস্পতিবার থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে। বেদখল হলের ইজারা চেয়ে আবেদন: বেদখল হয়ে যাওয়া তিনটি হলের ইজারা পেতে গতকাল মঙ্গলবার আবারও আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ব্যাপারে উপ-রেজিস্ট্রার শেখ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আবদুর রহমান ও শহীদ আজমল হোসেন হলের জায়গা ইজারা পেতে শিক্ষা মন্ত্রণালয়ে এবং হাবিবুর রহমান হলের ইজারা পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, শিগগিরই বেদখল হওয়া বাকি হলগুলো অধিগ্রহণ এবং দখলে থাকা বাণী ভবন ও ধূপখোলা খেলার মাঠের দলিল হস্তান্তরের জন্য সরকারকে অনুরোধ করা হবে।