আবাসিক এলাকা ছেয়ে গেছে বাণিজ্যিক স্থাপনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • ৬০০ আবাসিক ভবনে ২৩৭ বাণিজ্যিক স্থাপনা
  • পার্কিংয়ের জায়গায় দোকান ১৯২ টি
  • শিক্ষাপ্রতিষ্ঠান ২০ টি, আবাসিক হোটেল ৮ টি, ছাত্রীনিবাস ৮ টি, পুরুষ মেস ৭ টি, ছাত্রাবাস ২টি ও ক্লাব আছে ১ টি

উত্তরা ৯ নম্বর সেক্টরের আবাসিক এলাকা অবৈধ ও অনুমোদনহীন বাণিজ্যিক স্থাপনায় ছেয়ে গেছে। সেক্টর কল্যাণ সমিতির হিসাবে সেক্টরের ভেতর প্রায় ৬০০ আবাসিক ভবনে এমন অবৈধ বাণিজ্যিক স্থাপনার সংখ্যা প্রায় ২৩৭ টি। 

সেক্টরবাসীর অভিযোগ, এসব অবৈধ বাণিজ্যিক স্থাপনা ও দোকানের কারণে সেক্টরের আবাসিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তায় যানজট লেগে থাকছে সব সময়। যত্রতত্র ময়লা-আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ। বাণিজ্যিক স্থাপনা থাকায় জননিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে।
সেক্টর কল্যাণ সমিতির হিসাবে, উত্তরা ৯ নম্বর সেক্টরে আবাসিক প্লট আছে প্রায় সাড়ে ছয় শ। ৫০-৬০টি প্লট ছাড়া সব কটিতেই ভবন নির্মাণ হয়ে গেছে। এসব ভবনে অবৈধ বাণিজ্যিক স্থাপনা আছে প্রায় ২৩৭ টি। এ ছাড়া ভবনের নিচতলায় পার্কিংয়ের জায়গায় দোকান রয়েছে প্রায় ১৯২ টি। এর মধ্যে অর্ধশতাধিকই মুদি দোকান। এ ছাড়া টেইলার্স, খাবার হোটেল, কাপড়ের দোকান, ফার্মেসি, চা-দোকান প্রভৃতিও আছে।
সেক্টর কল্যাণ সমিতির হিসাব অনুযায়ী, পুরো ভবন ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম চালানো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ২০ টি, আবাসিক হোটেল ৮ টি, ছাত্রীনিবাস ৮ টি, পুরুষ মেস ৭ টি, ছাত্রাবাস ২টি ও ক্লাব ১ টি। শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২টি ছাড়া বাকি ১৮টি একদম আবাসিক এলাকার ভিতরে, ছাত্রীনিবাসের ৭টি ও ছাত্রাবাসের ২টিই পুরো ভবন ব্যবহার করে পরিচালিত হচ্ছে। মেসগুলো কোথাও ২টি ফ্লোর কোথাওবা ৩টি ফ্লোর ব্যবহার করে চলে।
সরেজমিনে দেখা যায়, সেক্টরের ২৬টি সড়কের মধ্যে সব থেকে বেশি বাণিজ্যিক স্থাপনা রয়েছে সেক্টরের ১ নম্বর সড়ক,১ /এ ও ১ /বি সড়ক,৩ /এ থেকে এফ সড়ক এবং ৭ /এ থেকে সি সড়কে। ৭ /ডি সড়কেই রয়েছে ৩টি আবাসিক হোটেল। এগুলো হলো মমতাজ মহল, হোটেল আজিসাই, হোটেল গ্র্যান্ড ঢাকা। ১,২ ও ১২ নম্বর সড়কে ৩টি করে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আবাসিক এলাকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কারণে সড়কগুলোতে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত যানজট লেগে থাকে।
২ নম্বর সড়কের বাসিন্দা সোহেল আহমেদ বলেন, ২ নম্বর সড়কে ওয়েসিস কলেজ, ঢাকা ক্যাডেট স্কুল ও আরব-আমিরাত আদর্শ মাদ্রাসা আছে। সকাল থেকে দুপুর পর্যন্ত এই সড়কে যানজটে আটকে থাকতে হয়।
৭ নম্বর সড়কের বাসিন্দা আবদুল হামিদ বলেন, অনেক ভবনের মালিক বাড়তি মুনাফার আসায় বাড়ির নিচে পার্কিংয়ে দোকান করে দেন। তিনি বলেন,৩টি গাড়ি পার্কিং থেকে মাসে খুব বেশি হলেও ৬ হাজার টাকা ভাড়া আসে। সেখানে ৩টি দোকান করে দিলে মাসে ৩০ হাজার টাকা ভাড়া ওঠে। এই সুযোগটাই অনেকে কাজে লাগাচ্ছেন।
কল্যাণ সমিতি কর্তৃপক্ষ আবাসিক ভবন বাণিজ্যিক কাজে ব্যবহারকারী ভবনমালিকদের স্থাপনাসমূহ অপসারণ করতে একাধিক নোটিশ দিয়েছেন। কিন্তু তা কাজে আসছে না। কারণ, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ কিংবা অপসারণে কল্যাণ সমিতির আইনত কোনো ক্ষমতা নেই। সর্বশেষ গত ১ মার্চ কল্যাণ সমিতি অবৈধ স্থাপনা থাকা ভবনমালিকদের স্থাপনা অপসারণের অনুরোধ জানিয়ে চিঠি দেন। চিঠির অনুলিপি রাজউকের চেয়ারম্যান, রাজউক উত্তরা আঞ্চলিক শাখার উপপরিচালকসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের (উত্তরা) কাউন্সিলরকে দিয়েছেন।
চিঠিতে ভবনমালিকদের এক মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় অতিবাহিত হলে ভবনমালিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এ বিষয়ে সঠিক কোনো উত্তর জানা নেই কল্যাণ সমিতির। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকেও এ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণের বিষয়ে কল্যাণ সমিতিকে জানানো হয়নি।
কল্যাণ সমিতির সভাপতি ডা. আবদুর রউফ বলেন, ‘আমরা অবৈধ স্থাপনার বিষয়ে রাজউককে একাধিকবার জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ তিনি বলেন, এই সেক্টরে অবৈধ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাকারীদের শক্তিশালী একটি চক্র আছে। তাদের চাপেই রাজউকের কর্মকর্তারা এখানে কোনো উচ্ছেদ অভিযান করেন না। অবৈধ স্থাপনা উচ্ছেদে কল্যাণ সমিতির সরাসরি কোনো ক্ষমতা নেই বলেও তিনি জানান।
সেক্টর কল্যাণ সমিতি থেকে সহায়তা না পেয়ে অনেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-১-এর কার্যালয় এবং রাজউক উত্তরা আঞ্চলিক কার্যালয়ের অথরাইজড কর্মকর্তা বরাবরও উচ্ছেদের আবেদন করছেন। কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা বলেন, ১০ /এ সড়কে ৬ নং প্লটে কিছু বাণিজ্যিক স্থাপনা আছে। এতে সেক্টরবাসীর অসুবিধা হচ্ছে। তিনি বলেন, এই প্লটে সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক নামের অবৈধ ওয়ার্কশপ ছিল। এখন দোকানের মাঝে একটি দেয়াল তুলে দোকানমালিক সেখানে ওয়ার্কশপের পাশাপাশি একটি খাবারের দোকান চালু করেছেন। খাবার দোকানের আলাদা নাম পর্যন্ত নেই।
রাজউকের জনসংযোগ কর্মকর্তার নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, ২০১৭ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত গত ছয় মাসে উত্তরায় মোট ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজউকের অঞ্চল-২। এতে জরিমানা করা
হয় ৪২ লাখ ৫০ হাজার টাকা। ৭টি ভ্রাম্যমাণ আদালত সেক্টরের আবাসিক এলাকায় আর ২টি ভ্রাম্যমাণ আদালত দুটি বাণিজ্যিক সড়কে পরিচালনা করে রাজউক। এর মধ্যে ১৩ নম্বর সেক্টরে ৩ বার আর ৪ নম্বর সেক্টরে দুবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
৯ নম্বর সেক্টর কল্যাণ সমিতির প্রতিনিধিরা জানান, বারবার সেক্টরের ভেতরে থাকা অবৈধ বাণিজ্যিক স্থাপনাগুলোর তালিকা তৈরি করে রাজউকের আঞ্চলিক শাখায় জমা দেওয়ার পরও এসব স্থাপনা উচ্ছেদে কোনো ব্যবস্থা নিচ্ছে না রাজউক কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনার তালিকা জমা দিতে গেলেও ভোগান্তি পোহাতে হয়।
এ বিষয়ে রাজউক উত্তরার পরিচালক আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘প্রয়োজনের তুলনায় আমরা কমসংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সুযোগ পাই। তবে আমাদের কাছে থাকা অবৈধ স্থাপনার তালিকা ও পরিকল্পনা অনুসারে আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।’ তিনি বলেন, ‘আমাদের কারও প্রতি রাগ-অনুরাগ নেই। অনিয়ম করলে সবার বিরুদ্ধেই বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করি।’
এক মাসের বিশেষ ক্রাশ প্রোগ্রামের পরিকল্পনার অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছে জানিয়ে অঞ্চল-২-এর পরিচালক বলেন, ‘আমরা উত্তরায় বিভিন্ন এলাকায় টানা ১ মাস উচ্ছেদ অভিযান পরিচালনা করার পরিকল্পনা করেছি। অনুমোদন পেলেই কাজ শুরু করব।’ তবে ৯ নম্বর সেক্টর কল্যাণ সমিতির দেওয়া চিঠির বিষয়ে কিছু জানেন না রাজউকের এই কর্তকর্তা। তারপরও ৯ নম্বর সেক্টরে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।