আবাসিক ভবনে বেআইনিভাবে রাসায়নিকের গুদাম স্থাপন করে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঝুঁকি সৃষ্টি এবং হাসপাতালের বর্জ্য ফেলে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে গতকাল বুধবার ঢাকা ও সাভারের দুটি প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।গতকাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ দণ্ডাদেশ দেন। দুটির মধ্যে মেসার্স ডাইসিনকেম লিমিটেড নামের প্রতিষ্ঠানটি বিজয়নগর এলাকার একটি আবাসিক ভবনের বেসমেন্টকে টেক্সটাইল কারখানায় ব্যবহূত রাসায়নিকের গুদামে রূপান্তর করেছে। এই ভবনটিতে জাতীয় বধির সংস্থার ছাত্রাবাস, যেখানে প্রায় ৩০০ বধির ছাত্র বসবাস করে। ওই গুদামটি অপসারণের জন্য পরিবেশ অধিদপ্তর এর আগে নোটিশ দিলেও প্রতিষ্ঠানের মালিক তা অগ্রাহ্য করেন। প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করে সাত দিনের মধ্যে গুদাম স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সাভারের শিমুলতলায় সাভার আধুনিক হাসপাতাল লিমিটেডের সেপটিক ট্যাংকের বর্জ্য উন্মুক্তভাবে নির্গত হয়ে রাস্তাঘাট ও লোকালয়ে ছড়িয়ে ব্যাপক পরিবেশদূষণ ঘটানোর অপরাধে ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ ঢালীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নির্দেশ মোতাবেক হাসপাতালের বর্জ্য নির্গমন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে। ওই হাসপাতালের আশপাশে কোনো ধরনের বর্জ্য নির্গমন বা নিক্ষেপ না করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।