আবাসিক এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে, চলছে ভাড়া বাড়িতেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর অতি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কের পাশে এবং আবাসিক এলাকায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা যাবে না। এমনকি যেসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ এলাকায় ভাড়া করা বাড়িতে পরিচালিত হচ্ছে, সেগুলো সরিয়ে ফেলার কথা।প্রায় তিন বছর আগে এই সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবে তা মানা হচ্ছে না। এর ফলে যানজট, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, যানজটসহ বিভিন্ন সমস্যার কারণে ঢাকায় নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের নেতিবাচক মনোভাব রয়েছে। তাই ঢাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে পরিদর্শন প্রতিবেদনে ইতিবাচক মত দেওয়া হয়নি। তবে নিজস্ব জমি থাকলে এই অনুমতি দেওয়া যেতে পারে বলে মত প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আবেদনগুলো যাচাই-বাছাই ও পরিদর্শন চলছে।সরেজমিনে দেখা যায়, রাজউকের আওতাধীন বনানীর ১০ নম্বর সড়কে বনানী জামে মসজিদের পাশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন ভবন হচ্ছে। ভবনের নিচতলায় বসে থাকা এক ব্যক্তি জানান, এখানে রয়েল ইউনিভার্সিটির ক্যাম্পাসের জন্য ছয়তলা ভবনটির সাজসজ্জার কাজ চলছে। গত শুক্রবার বাদ জুমা এলাকাবাসী ওই ভবনের সামনে মানববন্ধন করে এলাকায় বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সম্প্রতি এলাকাবাসীর পক্ষে ওই এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে অভিযোগ করেছেন। এতে ওই এলাকার বাসিন্দাদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। রাজউকের দায়িত্বশীল এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটি আবাসিক এলাকায় গড়ে উঠেছে। জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্য আতফুল হাই শিবলী বলেন, ‘আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এখানে একটি ক্যাম্পাস হচ্ছে। এ জন্য ইউজিসির অনুমোদন নেওয়া হয়নি। এ বিষয়ে ব্যবস্থা নিতে ইউজিসি সরকারের সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ জানাবে।’বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বদিউল আলম দাবি করেন, ‘যেখানে বিশ্ববিদ্যালয়টি হচ্ছে, সেটি মূলত বাণিজ্যিক এলাকা। আশপাশে আরও প্রতিষ্ঠান রয়েছে। বনানীর ইকবাল সেন্টারে স্থান সংকুলনা না হওয়ায় পুরো বিশ্ববিদ্যালয়টিই নতুন জায়গায় স্থানান্তর করা হচ্ছে। তবে সেটিও স্থায়ী নয়। নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস করার প্রক্রিয়া চলছে। সেটা হলে নিজস্ব ক্যাম্পাসে যাওয়া হবে।’ উপাচার্য জানান, অভিযোগের বিষয়ে ইউজিসিকে জবাব দেওয়া হয়েছে।উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়ের মালিকানায় রয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ এইচ বি এম ইকবাল।শুধু এই বিশ্ববিদ্যালয়টি নয়, রাজধানীর ধানমন্ডি, বনানী, উত্তরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকায় অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। অথচ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভাড়াবাড়িতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চলছে তাদের এই আদেশ জারির তিন মাসের মধ্যে স্থানান্তরের কথা।ধানমন্ডি ১০/এ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুুল মতিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মিরপুর রোড ও সাতমসজিদ রোডের মাঝখানের ‘প্রাইম ধানমন্ডি’ হিসেবে পরিচিত আবাসিক এলাকায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান চলছে। এতে যানজটের সৃষ্টি হয়েছে। তিনি জানান, সমিতির সভাপতি এ এফ এম মাসুদ ও সাধারণ সম্পাদক হিসেবে তিনি সম্প্রতি আদালতে একটি রিট আবেদন করেছেন। এরপর ধানমন্ডির আবাসিক এলাকায় স্থাপিত ইংরেজি মাধ্যম ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে রুল জারি করেছেন আদালত। এতে স্কুল কর্তৃপক্ষকে ক্লাস চলাকালীন স্কুলের আশপাশে যাতে কোনো গাড়ি পার্কিং না হয়, সে জন্য ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় সংখ্যক লোকবল নিয়োগ করে স্কুলের পাশে ট্রাফিক-ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে।সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে একটি বেসরকারি কলেজ সরে যেতে বাধ্য হয়েছে। সেগুনবাগিচা সোসাইটির আন্দোলন ও আইনি পদক্ষেপের কারণে উদ্যোক্তারা প্রতিষ্ঠানটি গুটিয়ে নিতে বাধ্য হন।২০০৮ সালের ২৪ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে ভিআইপিসহ ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে এবং আবাসিক এলাকায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত হয়। একই আদেশে যেসব প্রতিষ্ঠান এসব স্থানে ভাড়াবাড়িতে পরিচালিত হচ্ছে, তাদের সরিয়ে নিতে বলা হয়।