আবাসিক হোটেল থেকে মহিলার লাশ উদ্ধার
রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মতিঝিল থানার পুলিশ গতকাল বুধবার ভোররাতে রুনা আক্তার নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে ফকিরাপুলে আবাসিক হোটেল আসরের ২০৪ নম্বর কক্ষের খাটের ওপর থেকে রুনার লাশ উদ্ধার করে পুলিশ। রুনার গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, গত সোমবার বিকেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রুনা ও টিটু কাজী নামে এক ব্যক্তি ওই হোটেলের কক্ষটি ভাড়া নেয়। সকালে টিটু বাইরে চলে যায়। স্ত্রী ঘুমাচ্ছে বলে হোটেল-বয়দের জানানো হয়। সারা দিন টিটু হোটেলে ফেরেনি। গভীর রাতেও ফিরে না আসায় হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে কক্ষ খুলে ভেতরে রুনাকে খাটের ওপর মৃত অবস্থায় পাওয়া যায়। এ ব্যাপারে মতিঝিল থানায় মামলা হয়েছে।