আবাহনী মাঠ হচ্ছে ‘শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডিতে আবাহনীর মাঠ রূপ নিচ্ছে ‘শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স’-এ। ক্রীড়া পরিষদের দুই স্থাপনা ‘ইনডোর ক্রিকেট’ ও ‘ইনডোর বাস্কেটবল’ গ্রাউন্ড সরিয়ে সেখানকার জমিসহ মাঠের পুরো জমিই নতুন করে ৯৯ বছরের জন্য আবাহনী লিমিটেডকে ইজারা দিয়েছে সরকার। খেলাধুলার স্থাপনা ছাড়া ক্রীড়া কমপ্লেক্সে অন্য কোনো স্থাপনা বা কর্মকাণ্ড না করার শর্ত দিয়ে এ জমি বরাদ্দ দেওয়া হয়েছে। জমির প্রতীকী মূল্য হিসেবে সরকারকে প্রতিবছর ৫০ হাজার টাকা দেবে আবাহনী।জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ইনডোর ক্রিকেট ও ইনডোর বাস্কেটবল অপসারণ করে নতুন করে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স করার প্রস্তাব দেয় আবাহনী। আমরা তাতে সম্মতি দিয়েছি। এরই মধ্যে দলিল নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে।’গত ৫ মে আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ে চিঠি পাঠান। চিঠিতে তিনি উল্লেখ করেন, আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের স্মৃতি রক্ষার্থে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে। এ জন্য মাঠের অভ্যন্তরের দুই স্থাপনা সরিয়ে পুরো মাঠ স্থায়ীভাবে আবাহনীকে দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে সরকার এ জমি স্থায়ীভাবে বরাদ্দ না দিয়ে আগের করা চুক্তি দলিলের খসড়ায় সংশোধনী এনে পুনরায় দলিল নিবন্ধনের উদ্যোগ নিয়েছে।জানা গেছে, গত মাসে আবাহনীর এ প্রস্তাবে সাড়া দিলেও চিঠি পাওয়ার পর আপত্তি তোলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। স্থায়ীভাবে আবাহনীকে পুরো মাঠ দেওয়া যাবে না। আবাহনী যদি আধুনিকায়নের কাজ শেষে পুনরায় স্থাপনা দুটিকে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে তুলে দেয়, তবেই আবাহনীর প্রস্তাবে সম্মতি দেওয়া হবে। পাশাপাশি আবাহনীর নিজস্ব খরচে ওই দুই স্থাপনার আধুনিকায়ন করতে হবে। এতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারের কোনো রকম আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। আবাহনী ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে কয়েক দফা বৈঠক শেষে বিষয়টি সুরাহা করা হয়।জানা গেছে, ১৯৯৭ সালে মন্ত্রণালয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ ছাড়াই মাঠটি আবাহনী লিমিটেডকে ইজারা দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। পরে এ নিয়ে প্রশ্ন ওঠায় ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শর্ত সাপেক্ষে আবাহনীকে জমিটি ইজারা দেন। শর্তানুযায়ী আবাহনী লিমিটেড এ মাঠে শুধু ক্রীড়াবিষয়ক কর্মকাণ্ড চালাবে। মাঠের পাবলিক পার্কের বৈশিষ্ট্যের কোনো মৌলিক পরিবর্তন করা যাবে না। জমির উল্লেখযোগ্য পরিবর্তন করা এবং কোনো ধরনের বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা যাবে না। এ চুক্তিই পুনরায় সংশোধন করে নতুনভাবে করা হলো।প্রসঙ্গত, ধানমন্ডি আবাসিক এলাকার অনুমোদিত মাস্টারপ্ল্যান অনুযায়ী জনসাধারণের বিনোদনের জন্য রোড নম্বর ২২ (পুরাতন) ১২/এ এবং রোড নম্বর ২৪ (পুরাতন) ১৩/এ-এর মধ্যের মাঠটিকে পার্ক হিসেবে ব্যবহার ও তত্ত্বাবধানের জন্য ঢাকা পৌরসভাকে দেওয়া হয়। মাঠের উত্তর-পশ্চিম কোণে ওয়াসার পাম্পহাউসের পাশেই ১৯৭২ সালে আবাহনী ক্রীড়াচক্র নামে ক্লাব নির্মাণ করা করা হয়। মাঠটির অংশবিশেষ ব্যবহূত হয় খেলার মাঠ হিসেবে। পরে মাঠটি আবাহনী মাঠ হিসেবে পরিচিতি পায়। ১৯৭৭ সালে সরকারি নির্বাহী আদেশে পার্কটির তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা পৌরসভার কাছ থেকে প্রত্যাহার করে মাঠটির মালিকানা গণপূর্ত অধিদপ্তরের কাছে ন্যস্ত করা হয়।