আবুবকর হত্যাকাণ্ডের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী ছাত্র আবুবকর সিদ্দিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন শিক্ষক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। একই সঙ্গে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের দখলদারী থেকে ক্যাম্পাসকে মুক্ত করারও আহ্বান জানিয়েছেন তাঁরা।গতকাল বৃহস্পতিবার আবুবকর সিদ্দিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে আয়োজিত বিক্ষোভ মিছিল, সমাবেশ ও আলোচনা সভায় এই দাবি জানানো হয়। গত বছর ৩১ জানুয়ারি স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন আবুবকর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ ফেব্রুয়ারি মারা যান তিনি।তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব মধুপুর শহীদ স্মৃতি’ এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োাজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে সজাগ থাকতে হবে। আবুবকর হত্যা মামলার তদন্তকাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।প্রক্টর কে এ সাইফুল ইসলাম খান সভায় বলেন, ‘সেদিন আমরা ব্যর্থ হয়েছি। আমরাই অপরাধী, বিবেকের পক্ষে দাঁড়াতে পারিনি সেদিন। দাঁড়াতে পারলে হয়তো আবুবকরকে হারাতাম না।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপ-উপাচার্য হারুন-অর-রশিদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান আখতারুজ্জামান, স্যার এফ রহমান হলের প্রাধ্যক্ষ আজিজুর রহমান প্রমুখ। কর্মসূচি: আবুবকরের হত্যাকারীদের বিচারের দাবিতে ক্যাস্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও প্রগতিশীল ছাত্রজোট। পৃথক সমাবেশে সংগঠনের নেতা-কর্মীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলো ক্ষমতাসীন ছাত্র সংগঠন দখল করে রেখেছে। যেখানে নিয়মিত ছাত্র হওয়া সত্ত্বেও অনেকে হলে থাকতে পারছেন না। তাঁরা মেধার ভিত্তিতে হলে আসন বণ্টনের দাবি জানান। কলা ভবন ক্যাফেটারিয়ার সামনে দিনব্যাপী সন্ত্রাসবিরোধী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ছাত্র ইউনিয়ন। প্রদর্শনীতে বিভিন্ন সময়ে শিক্ষাঙ্গনে রাজনৈতিক সহিংসতায় নিহত শিক্ষার্থীদের আলোকচিত্র স্থান পায়।