আবুল খায়ের গ্রুপকে তিন লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল খায়ের গ্রুপের কয়েকটি পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্যের উল্লেখ না থাকায় ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত ওই কোম্পানির ডিপোতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত আবুল খায়ের গ্রুপের ডিপোতে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে সেখানে কর্মরত অধিকাংশ লোক দ্রুত অফিস থেকে সরে পড়েন। ওই কোম্পানির গুদামঘরে রাখা মার্কস গুঁড়ো দুধ, স্টারশিপ ননীযুক্ত গুঁড়ো দুধ, স্বাদ চানাচুর, স্টারশিপ ম্যাঙ্গো জুস ও সিলন চায়ের প্যাকেটের মোড়কে কোনো খুচরা মূল্য লেখা ছিল না। এ অপরাধে আদালত ওই কোম্পানিকে তিন লাখ টাকা জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, মোড়কজাত পণ্যের গায়ে মূল্য না লেখায় ক্রেতারা প্রতারিত হয়। এটি লেখা না থাকলে খুচরা, পাইকারি ও উত্পাদনকারী প্রতিষ্ঠান যখন-তখন পণ্যের দাম বাড়াতে পারে। এ ছাড়া বিক্রয়মূল্যের ওপর সরকার যে পরিমাণ কর পেত সেটিও ফাঁকি দেওয়া হচ্ছে।পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না হলে ক্রেতারা প্রতারিত হচ্ছে—এ কথা স্বীকার করলেন ওই কোম্পানির একজন কর্মকর্তা। গতকাল অভিযানের সময় নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, সম্প্রতি তিনি রাজধানীর পান্থপথের একটি বিপণিবিতান থেকে চিনি কিনতে গেলে খুচরা বিক্রেতা তাঁর কাছে অধিক মূল্য দাবি করেন। ওই পণ্যের সঠিক দাম জানা সত্ত্বেও তিনি কোনো প্রতিবাদ করতে পারেননি বলে জানান।আবুল খায়ের গ্রুপের ধানমন্ডি ডিপোর ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ফুয়াদ সাকী বলেন, মোড়কজাত পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না লেখায় তারা অন্যায় করেছেন। ভবিষ্যতে এ ধরনের কাজ যাতে না হয়, সে ব্যাপারে তাঁরা সতর্ক থাকবেন বলে জানান। আলী সুইটসকে জরিমানা: ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত স্টার কাবাব আলী সুইটসের কারখানায় তৈরি করা বিভিন্ন ধরনের মিষ্টি ঢেকে রাখা হয়নি। এ ছাড়া তৈরি করা দইয়ে বিএসটিআইয়ের অনুমোদনও ছিল না। তাই এ দুটি অপরাধে আদালত ওই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে গতকাল ভেজালবিরোধী অভিযানে অংশ নেন বিএসটিআইয়ের তিনজন কর্মকর্তা, র্যাব-২ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।