আবেগ-ভালোবাসায় জীবনের স্মৃতিচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন রোকেয়া হলের নাম ছিল উইমেনস স্টুডেন্টস রেসিডেন্ট হল। বাসিন্দা ছিলাম মাত্র ২৬ জন। অনেকটা অবরুদ্ধই ছিলাম। এরই মধ্যে সুযোগ বের করে বড় আপাদের সঙ্গে সিনেমা দেখতে যেতাম রূপমহল সিনেমা হলে। কিন্তু পুরো সিনেমা দেখার সৌভাগ্য হয়নি কখনো। কারণ, হলে ফেরার শেষ সময় সন্ধ্যা ছয়টা। তেমন একটি দিনের কথা, সিনেমা দেখে অতৃপ্ত হূদয়ে হলে ফিরেছি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, একজন সঙ্গীর ছোট্ট একটি ভুলের কারণে ধরা পড়লাম সুপারিন-টেনডেন্টের হাতে। বকাবকি দিতে দিতে তিনি বললেন, ইদানীং লাইব্রেরি ওয়ার্ক রূপমহল সিনেমা হলে হচ্ছে, তাই না? এভাবে স্মৃতিচারণা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পঞ্চাশের দশকের ছাত্রী অধ্যাপক মনোয়ারা বেগম। তাঁর মতো ওই হলের বিভিন্ন দশকের কয়েক শ ছাত্রী গতকাল শনিবার মিলিত হয়েছিলেন হলের সবুজ চত্বরে। স্মৃতিচারণার মধ্য দিয়ে ফিরে গিয়েছিলেন জীবনের সেই সোনালি দিনগুলোতে।‘সুবর্ণ স্মৃতির মধুর আনন্দে এসো মিলি মোরা সৃজনীছন্দে’—এই স্লোগান সামনে রেখে রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করে ১৯৫৬ সাল থেকে যাত্রা শুরু করা হলটির প্রথম পুনর্মিলনী। সকালে পুনর্মিলনী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানমালার পর্ব শেষে শুরু হয় স্মৃতিচারণা। এতে অংশ নেন মহিলা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক তৌহিদা বুলবুল, সাদিয়া সাদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক দিলারা হাফিজ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রওশন আরা ফিরোজ, হলের প্রাধ্যক্ষ লায়লা নূর ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রকীব উদ্দীন আহমেদ, রোকেয়া হল ছাত্রী সংসদের প্রথম ভিপি প্রতিভা মুৎসুদ্দি, রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মরিয়ম বেগম এবং উপদেষ্টা অধ্যাপক হালিমা খাতুন। তাঁরা হলজীবনের বিচিত্র অভিজ্ঞতা ও নানান মধুর স্মৃতি রোমন্থন করে আবেগাপ্লুত হয়ে পড়েন। জীবনের শেষ বেলায় দাঁড়িয়ে প্রথম জীবনের ফেলে আসা রঙিন দিনগুলোর কথা বলতে বলতে একে অপরকে আলিঙ্গন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন ছিল নারীরা সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠা পাবে। আজ অনেক ক্ষেত্রেই তাঁরা প্রতিষ্ঠা পেয়েছেন