আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাসে নিবেদিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে তৃতীয়বারের মতো এইচএসবিসি-দ্য ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড দেওয়া হবে। মোট চারটি শ্রেণীতে এ পুরস্কার দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর। রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘আমরা অনেকেই মনে করি, জলবায়ু পরিবর্তন মানে উত্তর মেরুর বরফ গলা কিংবা আরও দূরের কোনো বিষয়। কিন্তু মোটেও তা নয়।’ মাহ্ফুজ আনাম বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। পানি অনেক দামি সম্পদ। কিন্তু আমাদের নদীগুলো দূষিত ও দখল হয়ে যাচ্ছে। বারবার বলার পরও রাজধানীর সব ময়লা বুড়িগঙ্গাতেই ফেলা হচ্ছে। এভাবে বিশুদ্ধ পানির সব উৎস বন্ধ হয়ে গেলে আমরা সংকটে পড়ব। কারণ, পানি ছাড়া এক দিনের জীবনও চলবে না।’মাহ্ফুজ আনাম বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাসে নিবেদিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত করতেই এ পুরস্কার। সংবাদ সম্মেলনে এইচএসবি বাংলাদেশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার স্টিভ বল, ওয়েস্ট কনসার্নের নির্বাহী পরিচালক এ এইচ এম মকসুদ সিনহা এবং এইচএসবিসি বাংলাদেশের বিপণন, গণসংযোগ ও সামাজিক দায়বদ্ধতা বিভাগের প্রধান তালুকদার নোমান বক্তব্য দেন। আয়োজকেরা জানান, পরিবেশবান্ধব পণ্য ও সেবা প্রবর্তন, পরিবেশ সংরক্ষণকেন্দ্রিক ব্যবসায়িক কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ এবং সচেতনতামূলক প্রচারাভিযান ও গবেষণাধর্মী কাজ—এ চার শ্রেণীতে পুরস্কার দেওয়া হবে।পুরস্কারের বিভাগ, আবেদনপত্র ও বিস্তারিত তথ্য www.hsbc.com.bd এবং www.thedailystaৎ.net এ ঠিকানায় মিলবে। ৩১ অক্টোবরের মধ্যে ‘এইচএসবিসি-দ্য ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড ২০১২’ লিখে ওয়েস্ট কনসার্ন, বাড়ি নম্বর-২১, সড়ক-৭/বি, ব্লক-জি, বনানী মডেল টাউন, ঢাকা-১২১৩ এ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে এক হাজার শব্দের মধ্যে প্রকল্পের বিবরণ দিতে হবে। প্রাপ্ত মনোনয়নগুলো নিরীক্ষা করে বিচারকমণ্ডলী ডিসেম্বরে বিজয়ীদের নাম ঘোষণা করবেন।