আবেদনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য আবেদনের সময়সীমা নির্দিষ্ট করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোসহ আট দফা দাবি জানিয়েছে আটটি মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠন। তাদের অভিযোগ, বিলম্বে প্রকাশের কারণে অনেক জায়গায় অর্পিত সম্পত্তির তালিকার গেজেট না পাওয়ায় অনেকেই সময়মতো আবেদন করতে পারেননি।গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আটটি সংগঠনের এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। সংগঠনগুলো হলো বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, এএলআরডি, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন, ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, নিজেরা করি, সম্মিলিত সামাজিক আন্দোলন ও এইচডিআরসি। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিলম্বে গেজেট পাওয়ার কারণে ৭০ থেকে ৭২টি উপজেলায় ‘ক’ তফসিলভুক্ত (সরকারের নিয়ন্ত্রণে থাকা) সম্পত্তির জন্য আবেদনের সময়সীমা শেষ হয়ে গেছে। এ ছাড়া যেসব গেজেট প্রকাশ হচ্ছে, তাতে অনেক ভুলভ্রান্তি থাকছে। এতে সমস্যা আরও বাড়ছে। তাদের অভিযোগ, এ বিষয়ে সংশ্লিষ্ট একশ্রেণীর কর্মকর্তাদের অদক্ষতা ও তাদের অসাধু তৎপরতার কারণে এসব সমস্যা তৈরি হচ্ছে। তারা সরকারের সদিচ্ছাকে নানা ওছিলায় বাধাগ্রস্ত করতে সচেষ্ট।সংবাদ সম্মেলনে অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, সারা দেশেই গেজেটে নানা ধরনের ভুলভ্রান্তি হচ্ছে। এতে করে দীর্ঘমেয়াদি আইনি লড়াইয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এসব করে জনগণকে সুগভীর ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির বলেন, গেজেটে খামখেয়ালি হচ্ছে। যে সম্পত্তি অর্পিত নয়, তাও অর্পিত হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সভাপতি কামাল লোহানী, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ।