আম আপেল ও মাছে ফরমালিন, জরিমানা
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার ঢাকা, ভোলা, সিরাজগঞ্জ ও ফরিদপুরে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে। অভিযানে মাছ, আম ও আপেলে ফরমালিন ধরা পড়ে এবং তাৎক্ষণিক তা ধ্বংস করা হয়। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তর গতকাল রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার ফ্রুট স্টোরকে আট হাজার টাকা, পিউলি ফ্রুটকে তিন হাজার, বিক্রমপুর স্টোরকে পাঁচ হাজার, মিলন ফ্রুট স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করে। ফরমালিন ধরা পড়ায় অভিযানে ১০ কেজি মাছ, ৫০ কেজি আম ও আপেল ধ্বংস করা হয়। এ ছাড়া ভোলায় ভেজালবিরোধী অভিযানে ছয়টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা এবং ফরমালিন-মিশ্রিত ২০ কেজি আম ধ্বংস করা হয়। সিরাজগঞ্জে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৭ হাজার টাকা জরিমানা এবং ফরমালিন-মিশ্রিত ২৫ কেজি আম ধ্বংস করা হয়। ফরিদপুরে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত গতকাল ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সেগুনবাগিচার এনজয় রেস্টুরেন্ট; বিজয়নগরের মুসলিম সুইটস, মেট্রো শপিং মলের জর্ডানা, মীম কালেকশন, সোমা জেনারেল স্টোরস ও চিলিস রেস্টুরেন্ট; ঠাটারীবাজারের স্টার হোটেল এবং মৌচাকের মা রাঁধুনী হোটেলকে মোট চার লাখ টাকা জরিমানা করেছেন। অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিক্রি করায় এ জরিমানা করা হয়।