আমরা চাই, গণমাধ্যম সরকারের গঠনমূলক সমালোচনা করুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ‘গঠনমূলক ও যৌক্তিক’ সমালোচনা করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।গতকাল মঙ্গলবার রাজধানীর প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এই আহ্বান জানান। ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি উদ্যোগ’ শীর্ষক দুই দিনব্যাপী এই অবহিতকরণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এতে সহযোগিতা করছে। তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা চাই গণমাধ্যম সরকারের গঠনমূলক ও যৌক্তিক সমালোচনা করুক।’ তথ্য অধিকার আইন করার কথা উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, ‘তথ্যের সহজ প্রাপ্তি মানুষকে পাল্টে দিতে পারে।’বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এটুআই প্রকল্পের পরিচালক ও প্রধানমন্ত্রীর একান্তসচিব নজরুল ইসলাম খান ও বাসসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন। পরে কর্মশালায় বক্তব্য দেন কালের কণ্ঠ সম্পাদক আবেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান, পিআইবির মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ।