আমরা চাই দ্রুত খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার প্রসঙ্গে সরকারের অবস্থান সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘তাঁর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পুলিশ বলছে, তারা গ্রেপ্তারি পরোয়ানা পায়নি। এটা আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরীণ বিষয়। তারা স্বাধীন। সরকার এ ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না। তবে, আদালতের নির্দেশ অনুযায়ী খালেদা জিয়াকে দ্রুত গ্রেপ্তার করা হোক, এটা আমরা চাই।’
গতকাল শনিবার মেহেরপুরে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য শেষে এক প্রশ্নের জবাবে হানিফ প্রথম আলোকে এসব কথা বলেন।
সকাল ১০টায় কাউন্সিল অধিবেশনের প্রথম পর্ব দুপুর ১২টায় স্থানীয় শামসুজ্জোহা পার্কে শুরু হয়। কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে তৈরি করা মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, ‘খালেদা জিয়া রাক্ষুসী, দানবী, নিষ্ঠুর মহিলা। মানুষের ভোটের অধিকার রক্ষার নামে পেট্রলবোমা মেরে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করছেন। আজ তাঁর এ রাজনীতির পতন ঘটেছে। এখন তাঁকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে।’ বেলা তিনটায় সমাবেশ শেষ হয়। পরে জেলা কমিটি গঠনের লক্ষ্যে মেহেরপুর সার্কিট হাউসে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন দোদুলকে সভাপতি এবং গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওযামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর-২ আসনের সাংসদ মকবুল হোসেন ও নারী সাংসদ সেলিনা আক্তার বানু।