আমলাতন্ত্র ডিজিটাল বাংলাদেশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সরকারের চরিত্র বদলাতে হবে। রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে নিঃস্বার্থভাবে। আমলাতন্ত্রের কাছে ছেড়ে দিয়ে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন কখনোই বাস্তবায়ন করা সম্ভব হবে না। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘তথ্যপ্রযুক্তির বাংলাদেশ: সম্ভাবনা, প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ওই সেমিনারের আয়োজন করে। সেমিনারে একাধিক আলোচক বলেন, আমলাতন্ত্রের পরিবর্তন ছাড়া গ্রামাঞ্চলে তথকেন্দ্র হবে এটা ঠিকই, কিন্তু মানুষ সেবা পাবে না। রাজনৈতিক সদিচ্ছা এ অচলাবস্থা পরিবর্তন আনতে পারে বলে তাঁরা মন্তব্য করেন। সেমিনারের প্রধান অতিথি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, সরকার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি প্রাত্যহিক জীবনে তথ্যপ্রযুক্তিকে গ্রহণ করার মতো মানসিকতা গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তথ্যপ্রযুক্তি সুলভ হওয়ার কারণে এর অপব্যবহার করছে অনেকেই। এ ধরনের অপরাধ প্রতিরোধে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা দরকার। তিনি বলেন, প্রয়োজনে সাইবার নিরাপত্তা আইন সংশোধন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির উদ্যোগ নিতে হবে।সেমিনারে বুয়েটের অধ্যাপক মো. মাহবুবুল ইসলাম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ লুৎফর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, রেজাউল করিম সিদ্দিক প্রমুখ বক্তব্য দেন।