আমলিগোলা মাঠে অব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালবাগের আমলিগোলা খেলার মাঠের রাস্তা রিকশা-ভ্যানের দখলে। মাঠটিও ধূলিধূসরিত। কিছু অংশে কাদা। এলাকাবাসী বলছেন, সন্ধ্যায় মাঠে গাঁজার আড্ডা বসে।
লালবাগের জগন্নাথ সাহা রোডে আমলিগোলা খেলার মাঠের অবস্থান। গতকাল সকালে গিয়ে দেখা যায়, মাঠের ফটকে কোনো পাল্লা নেই। ফটক থেকে শুরু করে মাঠ পর্যন্ত পুরো রাস্তায় সারিবদ্ধভাবে রিকশা-ভ্যান রাখা। পাশের নির্মাণাধীন ভবনের রডও রাখা আছে। এলাকার বাসিন্দা হাজি মো. ইসরাফিল বলেন, ‘তিন-চার বছর আগে গেট ভাঙছে। পরে আর লাগায় নাই।’ তিনি বলেন, পাশের গ্যারেজের রিকশা-ভ্যানগুলো সব সময়ই মাঠের রাস্তাতেই রাখা হয়। এমনটিই দেখে এসেছেন তিনি। আমলিগোলা মাঠে কোনো ঘাস নেই। গতকাল সকালে মাঠের ধুলায় পা ডুবিয়ে ফুটবল খেলছিল অনেকে। আবার এক অংশে কাদাও জমে থাকতে দেখা যায়। মাঠ ঘিরে হাঁটার রাস্তায় জায়গায় জায়গায় পানি ও আবর্জনা। খেলতে আসা তরুণদের একজন মো. সাইফুল ইসলাম বললেন, বছরের বেশির ভাগ সময়ই মাঠে কাদা জমে থাকে। বৃষ্টি হলে পুরো মাঠই পানিতে ডুবে যায়।
তিন এলাকাবাসী বলেন, দিনের বেলায় লোকজন থাকলেও সন্ধ্যার পর এদিকে তেমন কেউ আসে না। সন্ধ্যায় মাঠে গাঁজার আসর বসে। মাঠের দখল নিয়ে মাদকসেবীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও জানান তাঁরা। আমলিগোলা খেলার মাঠটি দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড এলাকায়। ওয়ার্ডের কাউন্সিলর মো. মোশাররফ হোসেন বলেন, সিটি করপোরেশন থেকে মাঠের জন্য বাজেট বরাদ্দ হয়েছে। কিছুদিনের মধ্যেই মাঠের উন্নয়নকাজ শুরু হবে।