আমলীগোলায় আতঙ্ক, দগ্ধ একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার লালবাগে আমলীগোলার রাসায়নিক দ্রব্যের গুদাম ও কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আনু মিয়া নামে এক শ্রমিক গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। অপর দিকে কাঠমিস্ত্রি নিতাই মণ্ডলের শরীরের ৭০ ভাগ অগ্নিদগ্ধ হয়ে এখন তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে।ওই ঘটনায় রাসায়নিক গুদাম ও কারখানার মালিক গাজী শফিউল্লাহও অগ্নিদগ্ধ হয়েছেন। তবে তাঁকে রোববার রাতেই মোহাম্মদপুরের লালমাটিয়ার সিটি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সিটি হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক জানিয়েছেন, শফিউল্লাহর অবস্থা একটু উন্নতির দিকে। তবে রোববার দুপুরে এই অগ্নিকাণ্ডের পর পর আমলীগোলা, চৌধুরীবাজার, পোস্তা, লালবাগ রোড ও লালবাগ কেল্লার আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।শেখ সাহেব বাজারের বাসিন্দা আজাহারুল ইসলাম, চৌধুরীবাজারের মজিবুর রহমান ও কাশ্মীরিটোলা লেনের মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমগো রাইতে অখোন ঘুম অয়না। থানার পুলিশের কইছি অখোনই ব্যবস্থা করেন। কেমিক্যাল সরাইয়া দেন।’পোস্তার বাসিন্দা ও ব্যবসায়ী আবদুর রহমান বলেন, ‘সবাই জানের চিন্তা করে। আমরা কেউ আর একটা দ্বিতীয় নিমতলীর ঘটনা চাই না। এ জন্যই সবাই পুলিশকে জানাচ্ছি।’ গত ৩ জুন নিমতলীর ঘটনার পর একটি টাস্কফোর্স গঠন করা হয় এবং টাস্কফোর্সের নির্দেশনা অনুযায়ী পুরান ঢাকা থেকে সব দাহ্য রাসায়নিক পদার্থের কারখানা দুই মাসের মধ্যে অপসারণের সিদ্ধান্ত হয়। তবে এখনো অনেক কারখানা সরানো হয়নি। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ১৭ আগস্ট ঝুঁকিপূর্ণ রাসায়নিক কারখানা অপসারণের সিদ্ধান্ত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।