দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেছে বিভিন্ন সংগঠন। এদিকে মাহমুদুর রহমানকে রাজধানীর কোতোয়ালি থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আজ সোমবার তাঁর উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকেরা ‘ঢাবি সচেতন শিক্ষকবৃন্দ’ ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বলেন, ‘সরকার একদিকে মুক্তবুদ্ধি ও মতপ্রকাশের স্বাধীনতার কথা বলছে, অন্যদিকে একের পর এক গণমাধ্যম বন্ধ করে দিচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন এ বি এম ওবায়দুল ইসলাম, লুৎফর রহমান, তাজমেরী এস এ ইসলাম, শাহিদা রফিক, মোজাম্মেল হক প্রমুখ।জাতীয় পর্যায়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা আমার দেশ পত্রিকার প্রকাশনা চালুর দাবি জানিয়েছেন। তাঁরা হলেন শওকত মাহমুদ, কামাল উদ্দিন সবুজ, আমীর খসরু প্রমুখ। একই দাবিতে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) কেন্দ্রীয় কমিটির ১০১ জন সংস্কৃতিকর্মী, ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতারা বিবৃতি দিয়েছেন।রিমান্ডে নেওয়ার আবেদন: মাহমুদুর রহমানকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ এ আবেদন করে। মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান আজ সোমবার মাহমুদুর রহমানের উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।২ জুন মাহমুদুর রহমানকে তেজগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়। এ সময় অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি ও আইনজীবী পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ অভিযোগে কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান মিয়া বাদী হয়ে মামলা করেন।এর আগে আমার দেশ পত্রিকার প্রকাশক হাসমত আলীর দায়ের করা মামলায় গ্রেপ্তার করে মাহমুদুর রহমানকে আদালতে হাজির করা হয়। ওই দিন পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে তেজগাঁও থানায় দায়ের করা অপর একটি মামলায় তাঁকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।