আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহমুদুর রহমানের মুক্তি ও পত্রিকাটির প্রেস খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের আমার দেশ ইউনিট। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বিএনপি-সমর্থক কয়েকটি সংগঠনের নেতারা সংহতি জানান।মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, বাংলাদেশের গণমাধ্যম চরম সংকট অতিক্রম করছে। সাংবাদিকেরা কাজ করতে পারছেন না। সরকারের দুর্নীতির খবর প্রকাশ করলে সংশ্লিষ্ট মিডিয়ার বিরুদ্ধে শুরু হয় হয়রানি। গণতন্ত্রের ছদ্মাবরণে দেশে ভয়ানক ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে বলে দাবি করেন সাংবাদিক নেতারা। কর্মসূচিতে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, সরকার আইনকানুন না মেনে জবরদস্তিমূলকভাবে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে অমানুষিক নির্যাতন করছে।ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক বাকের হোসাইন বলেন, ‘মাহমুদুর রহমানকে নিঃশর্ত মুক্তি না দিলে এ আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে, সে ক্ষেত্রে আমাদের দায়দায়িত্ব থাকবে না।’ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘ মাহমুদুর রহমানকে মুক্তি না দিয়ে উল্টো তাঁকে হাসপাতাল থেকে জেলে পাঠানোর ষড়যন্ত্র করা হচ্ছে।’জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী রওনক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আমিরুল ইসলাম কাগজী, আমার দেশ পত্রিকার ইউনিট প্রধান বাছির জামাল প্রমুখ বক্তৃতা করেন।মানববন্ধনে সংহতি জানান, এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হাসান জাকির, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ। ১৪ কর্মীর জামিন: অবৈধভাবে মুদ্রণ, বিতরণ ও বিক্রয়ের অভিযোগে করা মামলায় আমার দেশ পত্রিকার ১৪ কর্মীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম তানভীর আহমেদ শুনানি শেষে প্রত্যেককে জামিন মুক্তির আদেশ দেন। এ মামলায় কারাগারে আটক ১৪ আসামির পক্ষে গতকাল জামিনের আবেদন করা হয়। পত্রিকাটির ছাপাখানা বন্ধ করে দেওয়ার পর গোপনে দৈনিক সংগ্রাম-এর প্রকাশনা প্রতিষ্ঠান আল ফালাহ প্রিন্টিং প্রেস থেকে আমার দেশ পত্রিকা প্রকাশ করা হয়। ঘটনাস্থল থেকে ১৯ জনকে আটক করে পুলিশ। গত ১৪ মার্চ রমনা থানায় এ বিষয়ে মামলা করা হয়।