আমার দেশের ছাপাখানা খোলা ও সম্পাদকের মুক্তি দাবি
দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দেওয়া ও কারাবন্দী সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়েছে আমার দেশ পাঠকমেলা। দ্রুত এ দাবি মেনে নেওয়া না হলে দেশব্যাপী আন্দোলনের হুমকি দিয়েছে তারা।গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মাহমুদুর রহমানের মুক্তি ও আমার দেশ-এর ছাপাখানা খুলে দেওয়া’র দাবিতে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতা-কর্মীরা এসব কথা বলেন।পাঠকমেলার পরিচালক ফয়সাল আকবরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমানকে সাড়ে চার মাস ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। আমার দেশ পত্রিকার ছাপাখানা বন্ধ করে রাখা হয়েছে। দফায় দফায় রিমান্ডে নিয়ে সম্পাদকের ওপর চরম নির্যাতন চালানো হচ্ছে।মানববন্ধনে বক্তব্য দেন আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের সহসভাপতি আমিরুল ইসলাম কাগজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ শাহ আলম প্রমুখ।