আমার দেশের পাঁচ সাংবাদিকের মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশ-এর নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ পাঁচ সাংবাদিক-কর্মচারীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই বছরের বেশি সময় আগে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। গতকাল শনিবার এক বিবৃতিতে তাঁরা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ দাবি জানান। আগামী ৩ ডিসেম্বর ওই পাঁচজনের রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। ২০১০ সালের ২ জুন মামলাটি দায়ের হয়। গত ২১ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। অন্য সাংবাদিকেরা হলেন: পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, প্রধান সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরী, জ্যেষ্ঠ প্রতিবেদক আলাউদ্দিন আরিফ। তাঁদের জামিন বাতিল করে রিমান্ডে নেওয়ার জন্য পুলিশের আবেদনের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন সাংবাদিক নেতারা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ ও আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবদুস শহীদ ও ওমর ফারুক, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান যৌথ বিবৃতি দেন। তাঁরা বলেন, সোয়া দুই বছর আগে দায়ের করা এই মামলায় আমার দেশ-এর অভিযুক্ত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রথমে হাইকোর্ট ও পরে মুখ্য বিচারিক হাকিমের আদালত থেকে স্থায়ী জামিনে রয়েছেন। তার পরও পুলিশের রিমান্ড আবেদনের এমন ঘটনা নিপীড়ন ও হয়রানিমূলক। অবিলম্বে মামলাটি প্রত্যাহার করে সাংবাদিকদের হয়রানি বন্ধ করার দাবি জানান তাঁরা। বিজ্ঞপ্তি।