‘আমার বাবাকে খুঁজে দেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্ফোরণের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না হারুনর রশিদকে।
ছবি: সংগৃহীত

হেনা বেগম এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন। বাবা হারুনর রশিদের হদিস নেই। বাবাকে পাওয়ার আকুতি জানিয়ে বলছেন, ‘আমার বাবাকে খুঁজে দেন।’ গতকাল রোববার রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ৬০ থেকে ৬৫ বছর বয়সী হারুনর রশিদ নিখোঁজ।

হারুনর রশিদের মেয়েজামাই জুলহাস মিয়া প্রথম আলোকে বলেন, ‘কাল রাত থেকে খুঁজতেছি। পাঁচ থেকে সাতটা হাসপাতালে ঘুরছি, পাই নাই। এখন থানায় যাব।’

হারুনর রশিদের এক মেয়ে ও এক ছেলে। স্ত্রী নেই। যে ভবনে বিস্ফোরণ হয়, সেখানে তিনি কেয়ারটেকার হিসেবে প্রায় আড়াই বছর ধরে চাকরি করেন। একাই একটি কক্ষে সেখানে থাকতেন।

বাবার ছবি হাতে নিয়ে আহাজারি করছেন হেনা বেগম। তিনি বলেন, বিকেল পাঁচটার দিকেও একবার কথা হয়। ঘটনার পর সঙ্গে সঙ্গে খুঁজতে বের হন তাঁরা। কাঁদতে কাঁদতে বলেন, ‘প্রতিদিন রাতে ১০টার দিকে ভিডিও কলে কথা হয়। কাল থেকে ফোন বন্ধ। আমার বাবা কই?’

বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য পেয়েছে প্রথম আলো।