আমি নই, আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবার জীবনের বাস্তবতা। আমরা এখানে শুনছি পাঠকের দৈনন্দিন অভিজ্ঞতার কথা। তাঁরা লিখছেন পরিবারের আনন্দ-বেদনাভরা গল্প। শোনাচ্ছেন এ সময়ের কোনো মানবিক সাফল্যের কাহিনি। প্রথম আলো মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছে পাঠকের গল্প। দেশ বা প্রবাস থেকে আপনিও লিখুন আপনার অভিজ্ঞতার কথা। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo. com

আমি দুঃখিত।

কারণ, আমি ভেবেছি শুধু আমার নিজেকে নিয়ে।
আমি শুধু ভেবেছি, কীভাবে ভালো রেজাল্ট করব আর কবে অনেক অনেক পয়সা উপার্জন করব। আমি রাতের পর রাত কাটিয়েছি আমার সামাজিক যোগাযোগমাধ্যমের ভার্চ্যুয়াল জগতে। কিন্তু আমি কতই না দুর্ভাগা! আমার জানাই ছিল না আমার পাশের বাড়িতে এক নতুন অতিথির আগমন ঘটেছিল মাস তিনেক আগে। মিষ্টি খেয়েছি ঠিকই, তবে সেটা কেন খেয়েছিলাম, তা জানার বিন্দুমাত্র আগ্রহবোধ করিনি। কারণ, আমি তখন ব্যস্ত ছিলাম আমার অনলাইন গেমে। আমার গেমে তখন ফাইনাল অ্যাটাক চলছিল। আমি জানতামই না আমার বাসার নিচের সিঁড়িঘরে সাদা বিড়ালটার দুটি বাদামি আর একটি কালো ছানা হয়েছে। কারণ, আমি তো এই সিঁড়ির পথে ওঠার সময় ব্যস্ত থাকতাম আমার ভিডিও কলে। আহ্হ্...কতই না জরুরি ছিল সেই সব অপ্রয়োজনের প্রয়োজনীয় কথা।

সত্যি বলতে আমি লক্ষই করিনি, কবে মা আমার বারান্দায় নীল অপরাজিতা ফুল আর বোম্বাই মরিচের চারা লাগিয়েছিল। সত্যি বলছি, নীল অপরাজিতা ফুলের সেই গাঢ় নীল রং আমি কখনো এত কাছ থেকে দেখিনি। কিন্তু আজ সকালে দেখেছি। আর হে, বোম্বাই মরিচ যখন পাকে তখন লাল টসটসে একটা রং হয়। দেখে মনে হয় একটা মরিচ তুলে টুপ করে মুখে পুরে দিই। কিন্তু সাবধান!
আমার বোন নতুন নতুন ছবি আঁকা শিখেছে। এই সেই ছবি নয়, একদম তেলচিত্র আর জলরঙের খেলা। শুধু কি তাই? সে নাকি স্বাধীনতা দিবসে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয়ও হয়েছে। কিন্তু আমার বোনের এই অর্জনের খবর কে রাখে বলুন তো? আমি তো হলিউড আর বলিউডের টপ চার্ট, টপ টেন সিনেমা নিয়েই ব্যস্ত।
আমার বাবার নাকি এখন আর ‘ম্যাটফরমিন’ নামক সেই ওষুধের প্রয়োজন হয় না। কারণ, তার ডায়াবেটিক এখন একদম নিয়ন্ত্রণে। আর বাবার ডান কানের চুলগুলোতে দেখলাম বেশ পাক ধরেছে। আজব ব্যাপার হলো, আমার মা নাকি আলুভর্তায় দুই চামচ লবণ আর দুটি কাঁচা লঙ্কা পুড়িয়ে তারপর ভর্তা করে? এত বছর ধরে মায়ের আলুভর্তার প্রশংসা করেছি কিন্তু কখনো জানার আগ্রহই ছিল না কীভাবে এই ভর্তা তৈরি হয়।
আমার পাশের বাড়ির চাচি মাকে বলেন, ‘ভাবি! আপনার ছেলের মতো এত ভদ্র ছেলে আর একটাও দেখিনি। সব সময় ভদ্র মানুষের মতো মাথা নিচু করে রাস্তা দিয়ে হেঁটে যায়।’ কিন্তু আমার সেই চাচি তো জানেই না যে কানে ইয়ারফোন ও মুঠোফোনে ভিডিও আর ফেসবুকিংয়ে ব্যস্ত থাকলে সবার মাথা নিচুই থাকে।
আমার বাসার বুকশেলফে সত্যজিৎ রায়, হুমায়ূন আহমেদের অনেকগুলো ধুলো জমা বই আছে। আমার মা নাকি এককালে পড়তেন। আর ঘরে বাবা সংবাদপত্র নেয় প্রায় বহুদিন ধরে। তবে এসব বই আর সংবাদপত্রের পাতা কখনো ওলটানোর সময় আমার হতো না। কারণ, আমি তো আমার স্মার্টফোনে কত্ত সব পিডিএফ করা জিনিসপত্র পড়তাম। কিন্তু বইয়ের পাতা ওলটানোর যে আনন্দ আর বইয়ের পাতার যে ঘ্রাণ এতটা সুন্দর, তা কখনো আমলে নিইনি। গেল কয়েক দিন আমি একটা বই পড়ছি, নাম ‘আল কোরআন ও বাংলা মর্মবাণী’। কারণ, আমি আরবি পড়তে পারি না। তবে এককালে শিখেছিলাম এখন তেমন একটা মনে নেই। ব্যাপারটা এমন না যে আমি মৃত্যুভয়ে আতঙ্কিত হয়ে ধর্মবাণী পড়ছি! তা কিন্তু নয়। মৃত্যু এলে কেউ আটকাতে পারবে না। এটাই বাস্তবতা। তাই মরতে হলে একবারই মরব, বারবার মৃত্যুভয়ে জীবন্মৃত হব না। কোরআন পড়ার আসল ব্যাপারটা হলো, আমি শুনেছি কোরআনের গভীরে ডুব দিলে নাকি প্রতিটা শব্দ নিজের সঙ্গে কথা বলতে শুরু করে। আর মানুষ কুসংস্কার ও তথাকথিত প্রথার শৃঙ্খল ভেঙে উপনীত হয় মুক্ত বিশ্বাসে। বিশ্বাস করুন! আমার দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়েছে গেল কয়েক দিনে। আমি নিজেই অবাক হচ্ছি।
আগে ইউটিউবে কত ব্যায়াম, ইয়োগা আর ওয়ার্ক-আউটের ভিডিও দেখতাম। কাল কেন জানি ইচ্ছা হলো একটু বসে ব্যায়াম করি, একটু নিজের যত্ন নিই।
বাবাকে প্রায় বলতে শুনতাম, ‘আমার ছেলেটা দেখতে দেখতে এত বড় হয়ে গেছে। কিন্তু শুধু শরীরেই বড় হয়েছে, দায়িত্ববোধ বলতে কিছুই নেই! যতই হোক, সে তো বাড়ির বড় ছেলে। পরিবারের দায়িত্ব নিতে শিখবে কবে?’ তবে আমি এসব কথায় কখনো কান দিতাম না। নিজের পড়া, ইন্টারনেট আর আমার ভার্চ্যুয়াল জগৎ নিয়েই বেশ ছিলাম। কিন্তু কাল রাতে হঠাৎ একবার আয়নার সামনে দাঁড়ালাম। হায় হায়, একি! দেখি আমার দাড়িগুলো বেশ বড় হয়ে গেছে, আর দু–একটা চুলে পাক ধরেছে। বাবার কথা মনে হলো। সত্যিই আমি বড় হচ্ছি, কিন্তু নিজেকে কখনো এভাবে দেখিনি। মনে হচ্ছে, নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম। আবারও বুঝলাম, আমিই আমার ক্ষতির কারণ। আমরাই আমাদের ক্ষতির কারণ।
পৈতৃকভাবে পাওয়া সবকিছুকে নিজের বলে দাবি করা ঠিক নয়। ঠিক তেমনি এই পৃথিবীটাও আমাদের পৈতৃক সম্পত্তি নয়। কাল ফোনে আমার এক বন্ধু বলছিল, ‘দোস্ত, যদি এবারের মতো বেঁচে যাই, তাহলে আবার দেখা হবে।’ ভুল, একেবারে ভুল। আমরা তো সেদিনই মারা গিয়েছি, যেদিন এই পৃথিবীকে পৈতৃক ভেবে যা ইচ্ছা তা–ই শুরু করেছিলাম।
তবে এবার বাঁচব। প্রাণভরে বাঁচব। কারণ, যখন বুড়ো হব তখন ছোটদের গল্প শোনাব আর বলব, ‘বহুদিন আগে একবার অনেক দিন বাসায় বন্দী ছিলাম। কারণ, বাইরে করোনা নামের একটা পিচ্চি দৈত্য উৎপাত করেছিল। মাঠঘাট, দোকানপাট, অফিস-আদালত—সবকিছুই বন্ধ রাখতে হয়েছিল সেই দৈত্যের প্রকোপে। আকারে ছোট হলেও ওই দৈত্যকে চোখে দেখা যেত না। তবে তখন আমরাও ছিলাম সাহসী। ভয় তো দূরের কথা, সেই করোনাদৈত্যের কথা ভাবলে তার জন্য করুণা হতো। কারণ, সারা পৃথিবীর মানুষের মতো আমরা বাঙালিরাও সেই করোনা নিয়ে বেশ সচেতন ছিলাম।
আসলে করোনাকালে আমি খুঁজে পেয়েছি আমার নিজেকে। বুঝতে পেরেছিলাম আমার দায়িত্বকে। সত্যি বলতে কি, করোনাই আমাকে দিয়েছিল কিছুটা সময়, পেয়েছিলাম কিছুটা অবসর। সেই সঙ্গে গুছিয়ে নিয়েছিলাম নিজেকে আর পেয়েছিলাম এক নতুন জীবনদৃষ্টি। নতুন করে ভালোবাসতে শিখেছি আমাকে, আমাদেরকে আর এই পৃথিবীকে।

*শিক্ষার্থী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়